বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৮ আগস্ট, ২০২৬
নারী

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

Untitled-1

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন থাকলেও তার শারীরিক অবস্থা এখনও দীর্ঘ বিমানযাত্রার উপযোগী নয় বলে জানিয়েছে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গতকাল শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, শুক্রবারই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে চিকিৎসাগত বিবেচনায় তা বাতিল করা হয়। আজ রোববার যাওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার কারণেই সেই সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, নির্দেশের অপেক্ষায়

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতারের আমিরের ব্যবস্থাপনায় থাকা এয়ার অ্যাম্বুলেন্স যে কোনো সময় ঢাকায় পৌঁছাতে প্রস্তুত। মেডিকেল বোর্ড সবুজসংকেত দিলেই যাত্রা শুরু হবে। প্রয়োজনে জার্মানি থেকে আরও উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থাও করছেন কাতার কর্তৃপক্ষ।

Advertisements

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত

৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। লিভার, কিডনি, ফুসফুস ও হৃদ্‌রোগ–সংক্রান্ত জটিলতায় তিনি এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খালেদা জিয়ার বড় পুত্রবধূ ও বোর্ডের সদস্য ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে ইতোমধ্যে ঢাকায় এসে চিকিৎসাদলের সঙ্গে যুক্ত হয়েছেন। লন্ডন থেকেও তিনি চিকিৎসা কার্যক্রমে নিয়মিত যুক্ত ছিলেন।

দীর্ঘ বিমানযাত্রায় ঝুঁকি

ডা. জাহিদ হোসেন বলেন, “১২–১৪ ঘণ্টার উড়োজাহাজ ভ্রমণে শারীরিক নানা পরিবর্তন ঘটে। এতটা ঝুঁকিপূর্ণ যাত্রায় খালেদা জিয়ার বর্তমান অবস্থায় মানিয়ে নেওয়া সম্ভব নয়। তাই তাঁর সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও উনার শারীরিক নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তারেক রহমানসহ দলের শীর্ষ নেতারা চিকিৎসকদের সিদ্ধান্তকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।”

গুজব না ছড়ানোর আহ্বান

খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে বিভ্রান্তি ও গুজব তৈরি না করার আহ্বান জানিয়ে চিকিৎসক বলেন, “শুধু শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই কোনো গুজবে কান দেবেন না।”

মেডিকেল বোর্ডের নিয়মিত মূল্যায়ন

মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, গত দুদিনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে। প্রতিদিনই তার শারীরিক অবস্থা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Advertisements