অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্তার শিকার অভিনেত্রী সুদীপা

কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। তার সঙ্গে ছিল ছোট ছেলে আদিদেব। পুরো ঘটনাটি সুদীপা নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, ব্যক্তিগত গাড়ির পরিবর্তে অ্যাপ ক্যাব ব্যবহার করে নিউটাউনে দাদার বাড়িতে যাচ্ছিলেন।
বন্ডেল রোডে নিজের দোকান থেকে ক্যাবে ওঠার পর মাঝপথে একটি মিষ্টির দোকানে মাত্র পাঁচ মিনিট দাঁড়ানোর অনুরোধ করেন তিনি। এই সামান্য অনুরোধ থেকেই শুরু হয় বিপত্তি। অভিনেত্রী জানান, চালক তাকে আরও একটি ‘স্টপ’ যোগ করার কথা বলেন। প্রথমে রাজি হলেও পরে ভাবেন, পাঁচ মিনিটের জন্য অতিরিক্ত স্টপ কেন যুক্ত করবেন—এ নিয়ে মতবিরোধ শুরু হয়।
এছাড়া তিনি চালককে বন্ডেল রোড হয়ে বালিগঞ্জ ফাঁড়ি দিয়ে মা উড়ালপুলের রুটে যেতে বললেও চালক সেই নির্দেশ শোনেননি। বরং তিনি অন্যদিকে গাড়ি ঘুরিয়ে দেন। এতে আপত্তি জানালে চালক অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।
পরিস্থিতি এতটাই অবনতি হয় যে একপর্যায়ে চালক সুদীপাকে মারতে উদ্যত হন। আত্মরক্ষায় সুদীপাও পাল্টা চড়-ঘুষি দেন বলে জানান। পুরো ঘটনায় তার ছেলে আদিদেব ভয় পেয়ে যায় এবং এখনো স্বাভাবিক হতে পারেনি।



