‘নারীর পোশাক, ওজন নিয়ে মন্তব্য বন্ধ হোক’—ক্ষোভ হুমা কুরেশির

অনলাইনে নারীদের হয়রানি ও কুরুচিপূর্ণ মন্তব্য বন্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তাঁর মতে, বাস্তবে একজন নারীকে হেনস্তা করা এবং অনলাইনে অশ্লীল মন্তব্য পাঠানো—দু’টিই সমান অপরাধ, এবং একই ধরনের শাস্তির আওতায় আনা উচিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমা বলেন, সোশ্যাল মিডিয়ায় নারীরা প্রায়ই অপমানজনক মন্তব্যের শিকার হন। ‘অনলাইনে অনেক সময় বলা হয়—বিকিনির ছবি দাও। এগুলো খুবই নোংরা ও দুঃখজনক,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘যদি কেউ আমাকে অশ্লীল ছবি পাঠায় বা পোস্টে কুরুচিকর মন্তব্য করে, তবে তার শাস্তিও যেন সেই একই হয়, যা রাস্তায় হেনস্তার ক্ষেত্রে হয়।’
হুমার দাবি, পুরুষদের উচিত নারীর পোশাক, মেকআপ, জীবনধারা কিংবা ওজন নিয়ে মন্তব্য করা বন্ধ করা। এ ধরনের আচরণ নারীদের জন্য মারাত্মক মানসিক চাপ তৈরি করে এবং সমাজে নেতিবাচক বার্তা ছড়ায়।
২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন হুমা। গত ১৩ বছরে তিনি ‘জলি এলএলবি’, ‘মহারানি’ সহ একাধিক জনপ্রিয় প্রকল্পে অভিনয় করেছেন। সামনে যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমায় তাকে দেখা যাবে।



