শীতের ছুটিতে দুবাই

শীতের সময় ভ্রমণ বলতে অনেকেরই প্রথম পছন্দ আরামদায়ক আবহাওয়া, প্রাণবন্ত শহর, উৎসবের আমেজ। এসব গুণ মিললে যে গন্তব্যটি দ্রুত সবার তালিকার শীর্ষে উঠে আসে সেটিই দুবাই। সাম্প্রতিক একটি বৈশ্বিক প্রতিবেদনের তথ্য বলছে, শীতকালীন পর্যটনে দুবাই এখন মধ্যপ্রাচ্যে প্রথম এবং বিশ্বে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় গন্তব্য। এই শহরের দ্রুত উন্নয়ন এবং পর্যটকদের প্রতি তাদের আতিথেয়তার নিদর্শন এই প্রতিবেদন।
দুবাইয়ের শীতকাল বলতে তীব্র ঠান্ডা নয় বরং উষ্ণ রোদ, পরিষ্কার আকাশ আর মনভোলানো তাপমাত্রা। বছরের অন্য সময়ের তাপদাহের তুলনায় এই মৌসুমে শহরটা হয়ে ওঠে প্রাণবন্ত, আরামদায়ক এবং ভ্রমণবান্ধব। শীতের সূর্যের নিচে সমুদ্রের কিনারায় হাঁটা হোক, কিংবা মরুভূমির বুক চিরে সাফারি সবকিছু যেন পর্যটকদের জন্য অপেক্ষা করে থাকে।
শহরের আকর্ষণ শুধু আধুনিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বিস্তীর্ণ মরুভূমি, সোনালি বালুর ঢিবি আর অফ-রোড গাড়িতে ডিউন ব্যাশিং প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের অনন্য অভিজ্ঞতা এনে দেয়। উটের পিঠে মরুভূমি পাড়ি দেওয়ার আলাদা আনন্দ আছে। শান্ত প্রকৃতিপ্রেমীদের জন্য আল কুদরা লেকের পাশের বাইকিং ট্রেইল বা ক্যাম্পিং এক অভিনব সময় কাটানোর সুযোগ। আর যারা একটু দূরে গিয়ে পাহাড়ের পথে হাঁটতে চান তাদের কাছে হাট্টা মাউন্টেন ট্রেইল জনপ্রিয়।
অন্যদিকে শহুরে আবেশে ভ্রমণ কাটাতে চাইলে দুবাই যেন এক স্বপ্নের নগরী। বিশ্বমানের শপিং মল, বিলাসবহুল হোটেল, নানা সংস্কৃতির খাবারের রেস্টুরেন্ট, ওয়াটারফ্রন্ট অবসর বিনোদন সবই হাতে ধরিয়ে দেয়। দুবাই মল বা মল অব দ্য এমিরেটসে কেনাকাটা, তারপর কাছের জুমেইরা বিচে এক বিকেল, শহরজুড়ে রাতের আলোর ঝলকানি প্রতিটি মুহূর্তে নতুন অভিজ্ঞতা।
শীত এলেই দুবাই যেন উৎসবমুখর হয়ে ওঠে। শহরজুড়ে কনসার্ট, ফুড ফেস্টিভ্যাল, শপিং ইভেন্ট, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা সব মিলিয়ে প্রাণের ছোঁয়া লাগে প্রতিটি রাতে। এর সঙ্গে যোগ হয় বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে আয়োজন করা আতশবাজির ঝলমলে প্রদর্শনী। এই সময়টায় পর্যটকদের ঢল নামা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
পরিসংখ্যানও বলছে, দুবাইয়ের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। চলতি বছরে শীত শুরু হওয়ার আগেই প্রতি দিন গড়ে হাজার হাজার আন্তর্জাতিক ভ্রমণকারী শহরে প্রবেশ করেছে। গত বছরের তুলনায় এ বছরে পর্যটকের সংখ্যা আরও বেড়েছে। এটি অর্থনৈতিক সফলতা পাশাপাশি একটি ব্র্যান্ড হিসেবে দুবাইয়ের উত্থানের প্রমাণ।
শীতের রোদ, মরুভূমির অ্যাডভেঞ্চার, সমুদ্রের শান্তি, খাবারের বৈচিত্র্য, সাংস্কৃতিক উৎসব সবকিছুর সমন্বয়ে দুবাই আজ শুধু একটি শহর নয় বরং শীতকালীন ভ্রমণের এক শক্তিশালী অভিজ্ঞতা। বিস্তীর্ণ বালুর দেশ আর ঝকঝকে আকাশচুম্বী ভবনের এই মিলনমুখর নগরী বারবার মনে করিয়ে দেয়, ভ্রমণ মানেই দুবাই।



