কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ নারী শিক্ষার্থীর হাতে পৌঁছাল বাইসাইকেল

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দরিদ্র পরিবারের ১৬ জন নারী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের সহায়তায়। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম উপজেলার আটটি বালিকা বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করেন।
বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রুমি খাতুন জানায়, প্রতিদিন স্কুলে যেতে রিকশাভাড়ায় প্রায় ৪০ টাকা লাগত। কৃষক বাবার পক্ষে এই অতিরিক্ত খরচ বহন করা কঠিন ছিল। রুমি বলে, “বাইসাইকেল চালাতে জানতাম, কিন্তু বাবা কিনে দিতে পারেননি। এখন নিজের সাইকেলে নিয়মিত স্কুলে যেতে পারব।”
নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান এই উদ্যোগকে নারী স্বাধীনতার পথে একটি নীরব অগ্রযাত্রা হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, “নারীর স্বাধীনতায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এটি প্রতীকী প্রতিবাদ।”
ইউএনও রেহেনুমা তারান্নুম জানান, ভবিষ্যতেও দরিদ্র শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সবাইকে পড়াশোনার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সক্রিয় থাকার আহ্বান জানান।



