কাজের ফাঁকে খেতে পারেন যেসব স্বাস্থ্যকর খাবার

অফিসে বসে বসে কাজ করতে করতে মাঝেমাঝেই আমাদের পেট কেমন যেন ডাকতে থাকে। তখন হাত চলে যায় সহজলভ্য খাবারের দিকে সিঙ্গারা, পুরি, চিপস, কেক বা চকোলেট। সমস্যা হলো, এসব খাবার সুস্বাদু হলেও ক্যালোরি খুব বেশি। আর দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে এই ক্যালোরি সহজে ঝরেও না। ফলে ওজন বেড়ে যাওয়া খুব স্বাভাবিক।
কিন্তু চাইলেই এই অভ্যাস বদলানো যায়। অস্বাস্থ্যকর স্ন্যাকস বাদ দিয়ে কিছু পুষ্টিকর, হালকা খাবার খেলে ক্ষুধা মিটবে, শক্তিও পাওয়া যাবে, আবার ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

আপেল ও পিনাট বাটারের জুটি
এক টেবিল চামচ পিনাট বাটার দিয়ে কয়েক টুকরা আপেল অফিস স্ন্যাক হিসেবে দারুণ। আপেলের ফাইবার পেট ভরিয়ে রাখবে। পিনাট বাটার মিষ্টি খাওয়ার চাহিদা কমিয়ে দিবে। চাইলে আপেলের বদলে কলার সঙ্গেও খেতে পারেন।
সিদ্ধ ডিম
অফিস ব্যাগে দুটি বা একটি সিদ্ধ ডিম থাকলেই হলো।ডিমে প্রচুর প্রোটিন থাকে তাই ক্ষুধা দ্রুত মেটে। ডিম দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এই কারণে ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রোটিন স্ন্যাক খুব কার্যকর।
ফলের সালাদ বা ড্রাই ফ্রুটস
মৌসুমি ফল কেটে একটি ছোট বক্সে রাখা থাকলে কাজের ফাঁকে সহজেই খেতে পারবেন। ফলের ভিটামিন শরীরকে রাখবে সতেজ, পাশাপাশি পেটও ভরবে। সাথে রাখতে পারেন কাঠবাদাম, আখরোট কিংবা কাজুবাদাম। এগুলো অল্পতেই শক্তি দেয়, মনোযোগ বাড়ায়।
ডার্ক চকোলেট
মিষ্টি খেতে ইচ্ছে হলে সাধারণ চকোলেটের বদলে ডার্ক চকোলেট বেছে নিন।কম চিনি, ৭০% কোকোযুক্ত ডার্ক চকোলেট শক্তি জোগায়। ডার্ক চকোলেট মনোযোগ বাড়াতে সাহায্য করে। সাথে সাথে মিষ্টি খাবারের প্রতি আকর্ষণও কমায়।
অফিসে টুকটাক কিছু না খেয়ে থাকা কঠিন। কিন্তু খাবার বাছাইটুকু বদলালেই শরীর থাকবে হালকা, মন থাকবে ভালো। তাই এখন থেকে সিঙ্গারা বা চিপস নয়। হাত বাড়ান ফল, ডিম, বাদাম কিংবা ডার্ক চকোলেটের দিকে। স্বাস্থ্যকর স্ন্যাকসেই থাকবে ভালো থাকার চাবিকাঠি।



