বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

চিকিৎসায় অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

02d619869f529f364cfdd1d26d131ed7-6a882007e71c7

চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসা অবহেলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনিকা মন্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, কনিকা মন্ডলের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার রাতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, একজন মায়ের চিকিৎসায় অবহেলার অভিযোগ অত্যন্ত গুরুতর। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কনিকার পরিবারের প্রতি সমবেদনা জানাতেই তিনি সেখানে গেছেন। একই সঙ্গে পরিবারটির পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়নের পাশাপাশি সেবার মানও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

এ সময় কনিকা মন্ডলের পরিবারকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন স্বাস্থ্যমন্ত্রী। কনিকা মন্ডলের স্বজনদের অভিযোগ, গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে ডা. লক্ষী রানী দত্তের মাধ্যমে সিজারিয়ান অস্ত্রোপচারের পর কনিকার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ওই অস্ত্রোপচারে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

অপারেশনের পরদিন থেকেই তার পেট ফুলে যায়। অবস্থার অবনতি হলে ৩ জুলাই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ জুলাই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কনিকার পেটে গজ থাকার বিষয়টি ধরা পড়ে। একই দিন অস্ত্রোপচার করে তার পেট থেকে গজটি বের করা হয়।

এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকার কল্যাণপুরের ওই হাসপাতালে মারা যান ৩৫ বছর বয়সী কনিকা মন্ডল।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Advertisements