২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

অনূর্ধ্ব-১৯ নারী দলে কোনো অনিয়ম হয়নি: বিসিবি

Untitled-6

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড বাছাইয়ে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। গত সেপ্টেম্বর মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবিকে একটি চিঠি পাঠিয়ে অনূর্ধ্ব-১৯ নারী দলের বাছাই প্রক্রিয়ায় অনিয়মের আশঙ্কা প্রকাশ করে এবং বিষয়টি তদন্ত করার জন্য বোর্ডকে অনুরোধ করে।

এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এনএসসির চিঠির অভিযোগগুলো পর্যালোচনা করা হয়েছে এবং তদন্তের পর কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। বিসিবি তাদের বিবৃতিতে জানায়, চিঠিটি এমন সময়ে পেয়েছিল, যখন বোর্ড সাধারণ পরিষদ গঠন এবং নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন প্রক্রিয়ায় ব্যস্ত ছিল।

বিসিবি আরও জানায়, সাধারণ পরিষদ গঠন ও নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম কিছুটা সীমিত ছিল, তবে নির্বাচনের পর বোর্ড সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে এবং সব নথিপত্র খতিয়ে দেখে। পর্যালোচনায় তারা নিশ্চিত হয় যে, অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড বাছাইয়ে কোনো অনিয়ম হয়নি।

এছাড়া, সাবেক অলরাউন্ডার রিয়া আক্তার শিখা কর্তৃক এনএসসিকে পাঠানো চিঠির বিষয় এবং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে একটি পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে। বিসিবি তাদের বিবৃতিতে জানায়, “বোর্ড স্বচ্ছতা, ন্যায্যতা এবং জবাবদিহিতার প্রতি সদা প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Advertisements