স্বর্ণের বাজারে কমছে দাম, এখনই কি গয়না কেনার সময়?

দেশের বাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ধারাবাহিক দরপতনে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। গত এক সপ্তাহে প্রতি গ্রামে দাম কমেছে ১ হাজার ৯৪০ টাকা। এতে স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে। তবে এই নিম্নমুখী প্রবণতা কত দিন থাকবে, তা নিয়ে রয়েছে নানা আলোচনা। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, আপাতত দাম স্থিতিশীল থাকতে পারে। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুকূলে থাকলে আরও কমতে পারে স্বর্ণের দাম।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, দেশে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকা। এর আগে শুক্রবার এক দিনেই ভরিপ্রতি দাম কমানো হয়েছিল ১০ হাজার ৯৫৪ টাকা। একই সময়ে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দামও হ্রাস পেয়েছে।
বাজুসের প্রকাশিত মূল্যতালিকা বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ছিল ভ্যাটসহ ১৮ হাজার ৬৫৫ টাকা। ২২ নভেম্বর তা কমে হয়েছে ১৬ হাজার ৭১৫ টাকা। অর্থাৎ সাত দিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম কমেছে ১ হাজার ৯৪০ টাকা।
বিশ্ববাজারেও স্বর্ণের দর নিম্নমুখী। আন্তর্জাতিক বাজারের এই পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। তবে বিশ্ববাজারে দাম কমলেই দেশের বাজারে একই অনুপাতে দর কমবে, এমনটি নিশ্চিত নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তাঁর মতে, স্বর্ণের মূল্য নির্ধারণে একাধিক অর্থনৈতিক বিষয় ভূমিকা রাখে। বন্ড, ডলার, জ্বালানি তেল ও স্বর্ণের মতো বিনিয়োগের মাধ্যমগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। এসব খাতে বিনিয়োগের প্রবণতা পরিবর্তিত হলে অন্য খাতের মূল্যেও তার প্রভাব পড়তে পারে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম জানান, দেশের বুলিয়ন বাজারে পাকা স্বর্ণের মূল্য এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি পর্যালোচনা করেই স্থানীয় বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উচ্চপর্যায়ে ছিল। খনি থেকে স্বর্ণ উত্তোলনে প্রতি আউন্সে সর্বোচ্চ উৎপাদন ব্যয় প্রায় ২ হাজার ২৫০ ডলার। অথচ বিশ্ববাজারে দাম এর চেয়ে অনেক বেশি থাকায় বড় বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের জন্য উল্লেখযোগ্য মুনাফার সুযোগ তৈরি হয়েছিল।
দেওয়ান আমিনুল ইসলামের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছেছিল। এর আগে দাম ছিল প্রায় ৩ হাজার ৪৪২ থেকে ৩ হাজার ৪৪৩ ডলারের মধ্যে। ফলে প্রতি আউন্সে প্রায় ২ হাজার ডলারের ব্যবধান তৈরি হয়।
স্বর্ণের দামের সঙ্গে গয়নার বাজারের সম্পর্ক ব্যাখ্যা করে তিনি বলেন, অলংকার তৈরির প্রধান কাঁচামাল খাঁটি স্বর্ণ। তাই কাঁচামালের দাম বাড়লে গয়নার দামও বাড়ে। একইভাবে স্বর্ণের দাম কমলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে অলংকারের মূল্যও কমানো হয়।
এদিকে পুরোনো স্বর্ণ বিক্রি ও বিনিময়ের ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত নিয়েছে বাজুস। রোববার থেকে পুরোনো গয়না বিক্রির ক্ষেত্রে বাতিলের হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে পুরোনো স্বর্ণ দিয়ে নতুন গয়না কেনার ক্ষেত্রে এই হার ১২ শতাংশের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।
আগামী দিনগুলোতে স্বর্ণের দাম কোন দিকে যেতে পারে, সে বিষয়ে দেওয়ান আমিনুল ইসলাম জানান, আপাতত রোববার নির্ধারিত মূল্য বহাল থাকার সম্ভাবনাই বেশি। তবে সোমবার সকালে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী কয়েক দিনের সম্ভাব্য মূল্যপ্রবণতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
দাম কমায় দীর্ঘদিন ধরে গয়না কেনার পরিকল্পনা পিছিয়ে রাখা ক্রেতারা আবার বাজারে ফিরতে পারেন বলে মনে করছেন বাজুসের এই কর্মকর্তা। তাঁর মতে, এতে ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হওয়ার সুযোগ পাবেন।
দেশের বাজারে স্বর্ণের দামের উত্থান-পতন অবশ্য নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম লাখ টাকা অতিক্রম করে। পরবর্তী সময়ে চলতি বছরের জানুয়ারিতে তা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা দেশের বাজারে এ পর্যন্ত সর্বোচ্চ দাম। তবে আন্তর্জাতিক বাজারের পরিবর্তন ও বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে পরবর্তী সময়ে স্বর্ণের দাম কমতে শুরু করে।



