২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

“গ্রেপ্তারি পরোয়ানা ভিত্তিহীন, আইনি পদক্ষেপ নেবো”

Untitled-5

ঢাকার আদালত থেকে শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে, মেহজাবীন এ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

৩ নভেম্বর আদালতে হাজির না হওয়ায়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা হক তানিয়া মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

মামলার অভিযোগ
বাদী আমিরুল ইসলাম দাবি করেছেন, দীর্ঘদিনের পরিচিতির কারণে মেহজাবীন এবং তার ভাইকে ২৭ লাখ টাকা দিয়ে একটি ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হন। কিন্তু, অভিযোগ, মেহজাবীন ও তার ভাই ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় এবং টাকা ফেরত না দেওয়ায় তিনি বিভিন্ন সময়ে টাকার দাবি জানান।

বাদীর অভিযোগে আরো বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাই ১৬ মার্চ তাকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মারধরের হুমকি দেন। এরপর বাদী ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

মেহজাবীনের প্রতিক্রিয়া
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মেহজাবীন নিজের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যেখানে তিনি মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

পোস্টে মেহজাবীন লিখেছেন, “এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। আমি কখনোই এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না যেখানে আইনি সমস্যা হতে পারে।”

Advertisements

তিনি আরও জানান, “এ ধরনের ভিত্তিহীন মামলার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি এবং বিশ্বাস করি সত্যের জয় হবে।”

এছাড়া, মেহজাবীন সংবাদকর্মীদের কাছে অনুরোধ করেছেন, ভিত্তিহীন তথ্য যাচাই না করে প্রকাশ না করার জন্য এবং তার ভক্তদেরও বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

Advertisements