২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

দীর্ঘ বিরতি শেষে নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ

Farin-696d06ff1cbcd

দীর্ঘদিন পর আবারও ছোট পর্দার নাটকে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন এ নাটকে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটকটির নাম ‘প্রাণ সখিয়া’।

সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং সেট থেকে জোভান ও ফারিণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন কাজের খবর জানিয়েছেন নির্মাতা রাজ।

ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ার পর নিয়মিত টেলিভিশন নাটকে দেখা যায়নি ফারিণকে। ফলে ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর কিছুটা আড়ালে ছিলেন ফারিণ।

চলতি মাসে ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন তিনি। সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে, জোভান ও ফারিণের পর্দার জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তবে একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে একসময় তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর তিন বছরের বেশি সময় একসঙ্গে কোনো কাজে দেখা যায়নি তাঁদের।

দীর্ঘ বিরতি কাটিয়ে ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এই জুটি। তাঁদের নতুন রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা।

Advertisements
Advertisements