২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

‘নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন ভাবা ভুল’

Untitled-3

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই তাদের বাদ দিয়ে উন্নয়নের কোনো পরিকল্পনাই সফল হতে পারে না। তিনি বলেন, “নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমরা বিভিন্ন স্থানে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাই। নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশ–জাতি গঠনে অব্যাহতভাবে অবদান রাখবে।”

শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এটাই প্রথম পুনর্মিলনী। তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কার্যক্রমে তিনি পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন।

নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান বলেন, “আমরা অনেকেই স্বশিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো রেজাল্ট, উচ্চশিক্ষা বা পিএইচডি পেলেই যথেষ্ট নয়। নৈতিকতার অভাব থাকলে সমাজ বা রাষ্ট্রের জন্য ভালো কাজ করা সম্ভব হয় না। সেজন্য সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক ও জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এসময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

Advertisements