দেশি মুরগি খেতে না পারা মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষক শাহিনুর আক্তার

সম্প্রতি রাজধানীতে শিক্ষক-কর্মচারীদের দাবী আন্দোলনে অংশ নেন চাঁদপুরের শাহিনুর আক্তার শ্যামলী, যার এক মন্তব্য সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বলেন, “শিক্ষকরা দেশি মুরগি খেতে পারেন না।”
এই বক্তব্য নিয়ে নেটিজেনে সমালোচনার ঝড় উঠলেও এখন তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটি ব্যক্তিগত মন্তব্য নয়, বরং সমস্ত শিক্ষক সমাজের কষ্ট বোঝানোর উদ্দেশ্যে বলা হয়েছিল।
শ্যামলী চাঁদপুরের হাজীগঞ্জ গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষক সমাজের অধিকার আদায়ে সক্রিয় এবং বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
শাহিনুর বলেন, “আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে আমার বক্তব্য দিয়েছি। এটি আমার ব্যক্তিগত জীবন বা স্বার্থকে নির্দেশ করে না, বরং পেশাজীবী শিক্ষকদের দৈনন্দিন কষ্ট ও অসুবিধাকে তুলে ধরার প্রচেষ্টা ছিল।
”শ্যামলীর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে। তার এক মেয়ে ঢাকায় একটি কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করছে এবং ছোট ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, তার বড় ভাই সালাউদ্দিন মোল্লা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, আর ছোট বোন সোহেলি চট্টগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
শ্যামলীর নিজ এলাকায় রয়েছে একতলা পাকা বাড়ি, আর শ্বশুরবাড়ি কুমিল্লার বড়ুয়ায় রয়েছে দুইতলা ভবন। এছাড়া হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে ‘আরাম কটেজ’-এর পাশে তার ছয়তলা নিজস্ব ভবন রয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি একটি বিউটি পার্লার পরিচালনা করেন বলেও জানা গেছে।



