পদকের লড়াইয়ে ইরানের মেয়েদের দাপট

এশিয়ান আর্চারিতে এবারও পদকশূন্য রইল বাংলাদেশ। ঘরের মাঠে আয়োজিত প্রতিযোগিতায় পদকের আশায় বুক বেঁধেছিল আর্চাররা, তবে সোমবার সে স্বপ্ন পূরণ হয়নি।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ব্রোঞ্জপদকের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হয় ইরানের। রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ২২৭–২২৪ পয়েন্টে (৫৪–৫৬, ৫৮–৫৬, ৫৭–৫৭, ৫৫–৫৮) পরাজিত হয় বাংলাদেশ দল। ফলে চলতি আসরে নিজেদের প্রথম পদক নিশ্চিত করেছে ইরান, আর হতাশায় শেষ হলো বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামানদের পদক স্বপ্ন।
কম্পাউন্ড নারী বিভাগে শুরুটা ছিল আশাব্যঞ্জক। এলিমিনেশন রাউন্ডে কাজাখস্তানকে ২৩০–২২৬ স্কোরে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। তবে সেমিফাইনালে ভারতের কাছে ২৩৪–২২৭ স্কোরে হেরে যায় দলটি। এরপর ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচেও ভাগ্য ফিরল না।
ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি আর্চার বন্যা আক্তার। তিনি বলেন,“আমরা শুরুটা ভালো করতে পারলে ম্যাচটা জিততাম। ইরানের সঙ্গে এর আগেও খেলেছিলাম, এবার জয়ের লক্ষ্য নিয়েই নামি। বাতাস ছিল, কিন্তু সেটা তেমন সমস্যা করেনি। শুরুটা ভালো না হওয়ায় পিছিয়ে পড়েছিলাম। পরের ম্যাচে ভুলগুলো শুধরে নিতে চাই। ব্যক্তিগত ইভেন্টে সেরাটা দিতে পারলে পদক জেতা সম্ভব।”



