বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৫ জুলাই, ২০২৬
স্পটলাইট

জাহানারার অ/ভিযোগে নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের দাবি টিআইবির

4-20251109024551

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের তদন্তে গঠিত বিসিবির তিন সদস্যের কমিটিতে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই দাবি জানায়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “তদন্ত কমিটি গঠনকে আমরা ইতিবাচকভাবে দেখি। তবে যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয়ের তদন্তে অভিজ্ঞ ও দক্ষ অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে যুক্ত করতে হবে, যাতে প্রক্রিয়াটি পেশাদার, নিরপেক্ষ ও কার্যকর হয়।”

তিনি আরও বলেন, “এর আগেও বিসিবিতে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ ধামাচাপা দিয়ে অপরাধীদের বিচারহীনতার সুযোগ দেওয়া হয়েছে। এতে নারী ক্রিকেটে পুরুষতান্ত্রিক প্রভাব আরও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।”

টিআইবির মতে, জাহানারার অভিযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; আরও অনেক নারী ক্রিকেটার একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বিসিবিতে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর কাঠামো না থাকা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে।

Advertisements

সংস্থাটি অবিলম্বে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্বাধীন অভিযোগ গ্রহণ ও প্রতিকার কমিটি গঠন, এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে যৌন হয়রানি প্রতিরোধ কাঠামো ও সুরক্ষা নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে।

গত ৬ নভেম্বর ইউটিউবের এক সাক্ষাৎকারে সাবেক পেসার জাহানারা আলম জানান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত টিম ম্যানেজার তৌহিদ মাহমুদের হাতে তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। অভিযোগটি বোর্ডকে জানালেও কোনো প্রতিকার পাননি বলেও জানান তিনি।

Advertisements