বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

ঘ্রাণের টানে মনে পড়ে হারানো স্মৃতি

WhatsApp Image 2025-11-03 at 02.12.53_1f01e880

 রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ বাতাসে ভেসে এল এক পরিচিত গন্ধ। মুহূর্তেই যেন থেমে গেলেন। কোথায় যেন পেয়েছিলেন এই ঘ্রাণ! মনে পড়ল এটা তো তার পারফিউম। যার সঙ্গে একসময় প্রতিদিন দেখা হতো। গন্ধটা যেন তাকে কাছে টেনে আনছে। অদ্ভুত না? শুধু একটা ঘ্রাণই আপনাকে মুহূর্তে ফিরিয়ে নিতে পারে বহু বছর আগের কোনো স্মৃতিতে।

আমরা সবাই কোনো না কোনো সময় এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। ছোটবেলায় মায়ের শরীরের গন্ধ, শৈশবের বইয়ের পাতার গন্ধ, কিংবা বৃষ্টিতে ভেজা মাটির সুবাস। সবই যেন সময়ের ঘড়ি ঘুরিয়ে দেয়। কারণ ঘ্রাণ আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীভাবে কাজ করে স্মৃতি ও আবেগের ওপর।

ঘ্রাণের জাদু

‘পারফিউম’ সিনেমাটা মনে আছে? অথবা নেটফ্লিক্সের সেই সিরিজগুলো। যেখানে গন্ধ হয়ে ওঠে গল্পের কেন্দ্রবিন্দু। সত্যিই ঘ্রাণের শক্তি অবিশ্বাস্য। এক পরিচিত সুবাস মুহূর্তেই আমাদের মনে ফিরিয়ে আনে আনন্দ, দুঃখ, ভালোবাসা বা হারানোর কষ্টের মুহূর্তগুলো।
পারফিউমের বোতলগুলো তাই কেবল শরীরে গন্ধ ছড়ায় না।ওগুলো যেন ছোট ছোট টাইম ক্যাপসুল। যেখানে লুকিয়ে থাকে আমাদের অতীতের অনুভূতিগুলো।

ঘ্রাণ ও স্মৃতি—বিজ্ঞানের কথা

বিজ্ঞান বলছে ঘ্রাণের সঙ্গে আমাদের স্মৃতির সম্পর্ক সবচেয়ে গভীর। মনোবিজ্ঞানী ড. সিলভিয়া অ্যালাভা এক গবেষণায় দেখিয়েছেন মানুষ যা দেখে তার মাত্র ৫% মনে রাখে। কিন্তু যে গন্ধ পায় তার প্রায় ৩৫% মনে থাকে।

অর্থাৎ একটি ঘ্রাণ আমাদের স্মৃতির আলমারিতে অনেক গভীরে জায়গা করে নেয়।
এই কারণেই অনেক ব্র্যান্ড তাদের পণ্যে নির্দিষ্ট সুবাস ব্যবহার করে। যাতে গ্রাহকের মনে সেই পণ্যের সঙ্গে একধরনের আবেগিক সংযোগ তৈরি হয়। গন্ধ যদি আনন্দের অনুভূতির সঙ্গে মিলে যায়। মানুষ সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়।

ঘ্রাণে লুকিয়ে থাকা ব্যক্তিত্ব

আপনি কী ধরনের পারফিউম ব্যবহার করেন। সেটিই অনেক সময় আপনার অলিখিত পরিচয় হয়ে দাঁড়ায়। কেউ ফ্লোরাল ঘ্রাণ পছন্দ করেন, কেউ আবার সাইট্রাস বা মাশ্ক বেইজড পারফিউমে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
গবেষণা বলছে যারা একই ধরণের ঘ্রাণ পছন্দ করেন। তাদের ব্যক্তিত্বের মিল থাকার সম্ভাবনা প্রায় ৮০%।
এমনকি ঘ্রাণই কখনো কারও প্রতি অজান্তে আকর্ষণ তৈরি করে। শুধু কারণ সেই সুবাস হয়তো কোনো প্রিয়জনের কথা মনে করিয়ে দেয়।

ঘ্রাণের মানসিক প্রভাব

ভালো গন্ধ শুধু মন ভালো করে না। বরং মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়। ল্যাভেন্ডার, রোজ, পেপারমিন্ট, কিংবা সাইট্রাসের মতো ঘ্রাণ মানসিক চাপ কমাতে, মনোযোগ বাড়াতে এবং ঘুম উন্নত করতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, সুন্দর ঘ্রাণ আমাদের মেজাজ প্রায় ৪০% পর্যন্ত উন্নত করতে পারে। তাই তো এখন অনেকেই “আরোমাথেরাপি” ব্যবহার করছেন। যেখানে গন্ধের মাধ্যমেই মানসিক প্রশান্তি আনা হয়।

ঘ্রাণের সমাজবিজ্ঞান

রোস্টেড কফির সুবাস, ফুলেল পারফিউম, বা মিষ্টি পেস্ট্রির গন্ধ। এগুলো এমনভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে যে অপরিচিত জায়গাও হঠাৎ খুব পরিচিত মনে হয়। এ কারণেই অনেক হোটেল বা দোকান তাদের পরিবেশে নির্দিষ্ট ঘ্রাণ ব্যবহার করে। যাতে ক্রেতার মন ভালো থাকে এবং সে ফিরে আসে আবারও।

ঘ্রাণের জগৎ নিঃশব্দ অথচ গভীরভাবে প্রভাবশালী। এটি আবেগের ভাষা জানে, স্মৃতির দরজা খুলে দেয়, আবার মনকেও শান্ত করে।

তাই আজকাল শুধু কী পরছি বা কীভাবে সাজছি নয়। আরও জরুরি হচ্ছে কোন সুবাসে নিজেকে মোড়াচ্ছি। কারণ সেই সুবাসই বলে দেয় আপনার ভেতরের মানুষটি আসলে কেমন।