বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
স্পটলাইট

নিজে থেকেই গবেষণা শিখে অক্সফোর্ডগামী সামিয়া

IMG-20251102-WA0015

সাভারের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা সামিয়া ইসলাম আজ গর্বের সঙ্গে বলতেই পারেন—নিজের জেদ, আগ্রহ আর নিরলস পরিশ্রমই তাঁকে পৌঁছে দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

ছোটবেলায় খুব একটা মনোযোগী ছাত্রী ছিলেন না তিনি। ক্লাসের চেয়ে মাঠই ছিল তাঁর প্রিয় জায়গা, বন্ধুদের সঙ্গে আড্ডাই ছিল জীবনের বড় আনন্দ। কিন্তু হাইস্কুলে ওঠার পর নিজেই বুঝতে শুরু করেন—জীবনে কিছু করতে চাইলে শুধু খেলাধুলা নয়, পড়াশোনাতেও মনোযোগ দিতে হবে। সেই উপলব্ধিই তাঁকে বদলে দেয়। রাতজাগা পড়ার অভ্যাস গড়ে তোলেন তখনই।

এই অধ্যবসায়ের ফলেই জায়গা পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তবে খুব শিগগিরই বুঝে ফেলেন—এ বিষয় তাঁর মনের মতো নয়। কারণ, ছোটবেলা থেকেই তাঁর আগ্রহ ছিল গণিত আর সমাজবিজ্ঞানে। তাই সাহস করে আবার ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। সেখান থেকেই শুরু হয় তাঁর নতুন যাত্রা।

বিশ্ববিদ্যালয়জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। অনার্স-মাস্টার্স—কোনোটিতেই থিসিস করার সুযোগ পাননি তিনি। কিন্তু সেটিকে সীমাবদ্ধতা বানাননি। বরং নিজ উদ্যোগেই গবেষণা শেখেন, শিক্ষকদের সঙ্গে গবেষণায় যুক্ত হন এবং কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেন।

Advertisements

সামিয়া বলেন, “আমাদের কোর্সে রিসার্চের সুযোগ সীমিত ছিল। কিন্তু আমি নিজেই কাজ শিখেছি—এই অভিজ্ঞতাই হয়তো আমাকে আলাদা করে তুলেছে।”

পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলেই ছোটখাটো ইন্টার্নশিপ করেছেন, বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করেছেন। বিশেষ করে সানেমে ইন্টার্নশিপ করার অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাস ও প্রোফাইল দুটোই সমৃদ্ধ করেছে।

শেষ পর্যন্ত সেই পরিশ্রমই তাঁকে এনে দেয় জীবনের সবচেয়ে বড় সাফল্য—অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তিতে পড়ার সুযোগ। পাঁচ বছরের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছেন তিনি।

বৃত্তির জন্য আলাদা আবেদনও করতে হয়নি তাঁকে। আবেদন ফর্মে শুধু লিখেছিলেন, আর্থিক সহায়তা প্রয়োজন। বাকিটা করেছে বিশ্ববিদ্যালয় নিজেই। তাঁকে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ক্লারেন্ডন স্কলারশিপ, যা প্রতিবছর অক্সফোর্ডে এমফিল ইন ইকোনমিকস প্রোগ্রামের সবচেয়ে মেধাবী একজন শিক্ষার্থীকে প্রদান করা হয়।

সামিয়া আজ প্রমাণ করেছেন—সুযোগের অপেক্ষা না করে নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়।

Advertisements