বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লী/লতাহা/নি

WhatsApp Image 2025-10-25 at 20.51.23_5a4b0033

ভারতে বিশ্বকাপ খেলতে এসে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার ইন্দোরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই দুই নারী ক্রিকেটার রাস্তা দিয়ে হেঁটে ক্যাফেতে যাচ্ছিলেন, এসময় এক মোটরসাইকেল আরোহী তাঁদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অস্ট্রেলিয়া নারী দলের দুজন সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী তাঁদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। দলের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তাঁরা বিষয়টি দেখভাল করছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়া দল ইন্দোরের রেডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এমআইজি থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আকিল খান।

‘দৈনিক ভাস্কর’-এর খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দুই ক্রিকেটারকে অনুসরণ করেন। হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন। এমনকি একজনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। একই প্রতিবেদনে আরও জানানো হয়, ইন্দোরের রিং রোডে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর টুকে রাখেন বলেও জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে দুজন খেলোয়াড় অনুপযুক্ত আচরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) জানিয়েছে, ঘটনাটি দুর্ভাগ্যজনক। খেলোয়াড়েরা কীভাবে নিরাপত্তাব্যূহের বাইরে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ইন্দোরে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে। গ্রুপ পর্বে এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। এর আগে ইন্দোরে ইংল্যান্ডকে হারিয়েছে অজি নারীরা।