৪টি প্রশ্নেই বুঝে নিন, আপনি কি সত্যিই সঠিক মানুষের সঙ্গে আছেন?

সম্পর্কের শুরুটা সবসময়ই মিষ্টি হয়। ভালোবাসা, যত্ন, আগ্রহ সব কিছুই তখন নতুন লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঝলকটা একটু ফিকে হয়ে গেলে মনে প্রশ্ন জাগে। “আমি কি সত্যিই ঠিক মানুষটার সঙ্গেই আছি?” এই সম্পর্ক কি আমাকে শান্তি দিচ্ছে নাকি শুধু ক্লান্ত করে তুলছে?
মনোবিদদের মতে, এর উত্তর খুঁজে পেতে অন্যের দিকে নয় বরং নিজের মনেই তাকাতে হবে।
নিচের চারটি প্রশ্নের উত্তরই বলে দেবে আপনি আসলে সঠিক সঙ্গীর সাথেই আছেন কিনা।
১. আপনি কি নিজের কথা নিশ্চিন্তে বলতে পারেন?
একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো মানসিক নিরাপত্তা। যদি মনে হয় নিজের অনুভূতি, চিন্তা বা দুর্বলতা সঙ্গীর সঙ্গে খোলামেলা ভাগ করে নিতে পারেন। তাহলে বুঝবেন সম্পর্কটি দৃঢ় জায়গায় দাঁড়িয়ে আছে।কিন্তু যদি মনে হয় তিনি আপনাকে বিচার করবেন, ঠাট্টা করবেন বা গুরুত্ব দেবেন না, তাহলে সম্পর্কটি ভেবে দেখার সময় এসেছে।সত্যিকারের ভালোবাসা সেখানে যেখানে আপনি ভয় ছাড়াই নিজের মতো করে থাকতে পারেন।
২. আপনার সঙ্গী কি সত্যিই সদয় মানুষ?
একজন মানুষ কেমন তা বোঝা যায় সে অন্যদের সঙ্গে কেমন আচরণ করে। আপনার সঙ্গী কি আশেপাশের মানুষদের প্রতি শ্রদ্ধাশীল? রাগের সময়ও কি নিজেকে সামলাতে পারেন?গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি ঝগড়ার মধ্যেও সম্মান ও দয়া বজায় রাখেন। তাদের সম্পর্ক টিকে থাকে অনেকদিন।তাই খেয়াল করুন তিনি কি শুধু সুখের দিনে পাশে থাকেন নাকি কঠিন সময়েও আপনার হাত শক্ত করে ধরেন?

৩. সম্পর্কে এসে আপনি কেমন বদলেছেন?
একটি সুন্দর সম্পর্ক মানুষকে আরও আত্মবিশ্বাসী, প্রাণবন্ত ও ইতিবাচক করে তোলে। যদি দেখেন, সম্পর্কে আসার পর আপনি নিজের পছন্দ হারাচ্ছেন। নিজেকে ছোট মনে হচ্ছে বা ভয় পাচ্ছেন নিজের মতামত বলতে তাহলে সেটি সতর্কবার্তা।ভালোবাসা মানে কাউকে বদলে দেওয়া নয় বরং দু’জনেরই একে অপরকে নিজের সেরা রূপে পৌঁছাতে সাহায্য করা।
৪. আপনি কি তার সঙ্গে ভবিষ্যৎ দেখতে পান?
সবশেষে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি এই মানুষটার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করতে পারেন? পরিবার গড়া, একসঙ্গে জীবন এগিয়ে নেওয়ার ভাবনা কি স্বাভাবিক মনে হয়?যদি উত্তর ‘হ্যাঁ’ হয় তাহলে বুঝবেন সম্পর্কটি বিশ্বাস, দায়িত্ববোধ ও পরিণত ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে।
সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় এটি নিজেকে জানারও একটি পথ। এই চারটি প্রশ্ন আমাদের শেখায় সঠিক সম্পর্ক সেটাই। যেখানে আপনি নিজের মতো করে বাঁচতে পারেন, বেড়ে উঠতে পারেন। নিজেকে আরও ভালোভাবে চিনে নিতে পারেন।



