বাংলার সুরে, বাউলের মনে—‘ম্যাজিক বাউলিয়ানা’ ফিরছে পঞ্চমবার

অপেক্ষার পর্দা উঠছে আবারও জনপ্রিয় লোকসংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-র। মাছরাঙা টেলিভিশনে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই আয়োজনের পঞ্চম আসর—নিশ্চিত করেছে চ্যানেল কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় প্রচার হবে।
এবারের ‘ম্যাজিক বাউলিয়ানা’র সঞ্চালনায় থাকছেন আইশা খান। প্রযোজনায় মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।
প্রতিযোগিতার মূল বিচারকের আসনে রয়েছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। আর অডিশন রাউন্ডে বিচারক হিসেবে অংশ নেন টুনটুন বাউল, পাগলা বাবলু, লাভলী দেব, ভজন ক্ষ্যাপা, সন্দীপন, কামরুজ্জামান রাব্বী, খায়রুল ওয়াসি, ডলি মণ্ডল, দিতি সরকারসহ আরও অনেকে।
‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’—এই স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানটির লক্ষ্য দেশের ঐতিহ্যবাহী বাউলসংগীতকে বর্তমান প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা এবং বিশ্বমঞ্চে পরিচিত করা।
এই মৌসুমে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। সেখান থেকে নির্বাচিত ৪০ জন প্রতিযোগী অংশ নেবেন মেগা সিলেকশন রাউন্ডে। পরবর্তী ধাপে তারা যুক্ত হবেন গ্রুমিং সেশনে, যেখানে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে শেখানো হবে গান পরিবেশন, মঞ্চে উপস্থাপনা ও শিল্পীসুলভ আচরণ। এরপর প্রতিযোগিতা এগোবে ‘মাস্টার সিলেকশন’ ও ‘স্টুডিও রাউন্ড’ অতিক্রম করে, যার পরিণতি হবে জমকালো গ্র্যান্ড ফিনালেতে।



