ঢাকা বিভাগীয় কাবাডি চ্যাম্পিয়ন রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা ২০২৫-এর ঢাকা বিভাগীয় পর্বে মেয়েদের কাবাডি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
দলীয় সমন্বয়, দক্ষতা ও দৃঢ় মানসিকতায় অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে প্রতিষ্ঠানটির ছাত্রীদের দল ফাইনালে ঢাকা জেলাকে ৩৩–২১ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয়। এর আগে তারা শরিয়তপুরকে ২৬–১৯, নারায়ণগঞ্জকে ১৫–১২ এবং সেমিফাইনালে ঢাকা মহানগরকে ২৮–১৬ পয়েন্টে পরাজিত করে ফাইনালে ওঠে।
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান বলেন, “আমাদের মেয়েরা কেবল বইয়ের পাতায় নয়, মাঠেও তাদের মেধা ও মননের প্রমাণ দিচ্ছে। এ অর্জন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের যত্ন, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমেরই ফল।”
উল্লেখযোগ্য যে, রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছর জাতীয় ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। গত বছর এইচএসসি পরীক্ষায় গোপালগঞ্জ জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করে প্রতিষ্ঠানটি, আর এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব ছিনিয়ে নেয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—যা রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজকে দেশের অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।



