ত্বকের কোলাজেন রক্ষায়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রাকৃতিক কোলাজেন উৎপাদন ধীরে ধীরে কমতে থাকে। বিশ বছর পার হওয়ার পর থেকেই প্রতিবছর প্রায় ১% হারে এটি কমে যায়। এর সঙ্গে সূর্যের আলো, দূষণ, ধূমপান ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যোগ হলে কোলাজেন আরও দ্রুত ভাঙতে শুরু করে। ফলাফল ত্বক হয়ে ওঠে ঢিলে, শুষ্ক, বলিরেখায় ভরা। একবার কোলাজেন নষ্ট হলে তা ফেরানো কঠিন। তাই আগে থেকেই যত্ন নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চলুন জেনে নেই ত্বককে তারুণ্যোজ্জ্বল রাখতে কোলাজেন সংরক্ষণের ১০টি উপায়।
কোলাজেনসমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহার করুন – ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি সঠিক ময়শ্চারাইজার কোলাজেন ভাঙন রোধে সহায়তা করে। টপিক্যাল ক্রিমে থাকা কোলাজেন সরাসরি ত্বকের গভীরে না পৌঁছালেও এটি ত্বককে টানটান অনুভব করায় এবং কোলাজেন সংরক্ষণে ভূমিকা রাখে।

মাইক্রোনিডলিং ট্রিটমেন্ট – ক্ষুদ্র সূচ ফোটানোর মাধ্যমে ত্বকে ক্ষুদ্র ক্ষত তৈরি করা হয়। এতে দেহের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া সক্রিয় করে। এর ফলে কোলাজেন ও ইলাস্টিনের উৎপাদন বাড়ে, ত্বক হয় মসৃণ ও দাগহীন।
রুটিনে রেটিনয়েড যোগ করুন – ভিটামিন এ-জাত এই উপাদান কোলাজেন উৎপাদনকে উদ্দীপ্ত করে এবং পুরোনো কোষ বদলে নতুন কোষ তৈরি করে। ক্রিম বা সেরাম আকারে নিয়মিত ব্যবহার করলে ফল পাওয়া যায়।
লেজার ট্রিটমেন্ট – বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করা লেজার থেরাপি কোলাজেন তৈরি বাড়ায় এবং ত্বকের টোন ও টেক্সচার উন্নত করে। সব ধরনের ত্বকের জন্য এটি কার্যকর হলেও আগে পরামর্শ নেওয়া জরুরি।
রেডিও ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট – ত্বকের গভীরে তাপ প্রয়োগ করে কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন বাড়ানো হয়। ফলে ত্বক হয় টানটান ও মসৃণ।
স্ক্যাল্পট্রা ইনজেকশন – ৪০ বছরের পর যাদের ত্বক শিথিল হয়ে গেছে, তাদের জন্য এটি কার্যকর। ফাইব্রোব্লাস্টকে উদ্দীপ্ত করে নতুন কোলাজেন তৈরি করতে সহায়তা করে।
ভিটামিন সি যোগ করুন – এই অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন গঠনে সহায়ক এবং ফ্রি র্যাডিক্যাল থেকে ত্বককে সুরক্ষিত রাখে। নিয়মিত ব্যবহার করলে বলিরেখা ও দাগছোপ কমাতে সাহায্য করে।

কেমিক্যাল পিল – গ্লাইকলিক বা ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ কেমিক্যাল পিল ত্বক এক্সফোলিয়েট করে এবং নতুন কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে।
প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন – সূর্যের ইউভি রশ্মি কোলাজেন ধ্বংসের অন্যতম কারণ। তাই প্রতিদিন অন্তত SPF 30 সানস্ক্রিন ব্যবহার করা উচিত। জিংক অক্সাইড বা টাইটেনিয়াম ডাই-অক্সাইড সমৃদ্ধ সানস্ক্রিন বেছে নেওয়া ভালো।
সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন – মাছ, মাংস, শস্যদানা কোলাজেনের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে। বাদাম ও গ্রিন টির মতো অ্যান্টিঅক্সিডেন্ট খাবার কোলাজেন ভাঙন প্রতিরোধে কার্যকর।
মনে রাখবেন, কোলাজেন একবার হারালে তা ফেরানো কঠিন। তাই প্রতিদিনের যত্নেই রয়েছে ত্বকের দীর্ঘস্থায়ী সৌন্দর্যের চাবিকাঠি।



