বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
ভ্রমণ

চিয়াং মাই ভ্রমণের সেরা সময় কখন

Location-293

ভ্রমণ পছন্দ করেন না এমন মানুষ অনেক কমই আছে। সেক্ষেত্রে বিদেশ ভ্রমণ অন্য রকম আকর্ষণ। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে থাইল্যান্ড নামটি বেশ জনপ্রিয়। যখনই থাইল্যান্ড ভ্রমণের কথা আসে, বেশিরভাগের মনেই প্রথমে আসে ব্যাংকক কিংবা ফুকেটের ছবি। কিন্তু যদি আপনি শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে চান, তাহলে ‘চিয়াং মাই’ হতে পারে আপনার জন্য পারফেক্ট গন্তব্য।

উত্তর থাইল্যান্ডের এই শহর ঘেরা পাহাড়, সবুজ বন, নদী আর সংস্কৃতির মেলবন্ধনে। তবে যাওয়ার সময়টা সঠিকভাবে বেছে নেওয়া খুব জরুরি। কারণ চিয়াং মাইয়ের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে আবহাওয়া আর ঋতুর ওপর।

নভেম্বর থেকে জানুয়ারি – চিয়াং মাই ঘুরতে চাইলে এই সময়টাই সবচেয়ে উপযুক্ত। বর্ষা শেষ হয়ে আকাশ থাকে ঝকঝকে পরিষ্কার, তাপমাত্রা নেমে আসে ১২-১৫ ডিগ্রিতে। দিনের বেলা রোদের মিষ্টি ছোঁয়া আর রাতে হালকা ঠান্ডা। একেবারে আদর্শ আবহাওয়া।

এ সময় পাহাড়ে ওঠা, প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি বা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানো দারুণ উপভোগ্য। দোই লুয়াং চিয়াং দাও নামের পাহাড়ি গন্তব্যে গেলে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে ভুলবেন না। দৃশ্যটা মনে গেঁথে থাকবে অনেকদিন।

এই মৌসুমেই চিয়াং মাইয়ে জমে ওঠে একের পর এক উৎসব। নভেম্বরের পূর্ণিমায় হয় লই ক্রাথং আর ইয়ি পেং লন্ঠন উৎসব। এই উৎসবে আকাশজুড়ে ওড়ে হাজারো কাগজের লন্ঠন, পানিতে ভাসে ফুল-প্রদীপে সাজানো নৌকা। এছাড়া ডিসেম্বর ও জানুয়ারিতে হয় নানা সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবপ্রিয় ভ্রমণকারীদের জন্য এই সময় একেবারে উপযুক্ত।

ফেব্রুয়ারি থেকে এপ্রিল – এই সময়টাকে বলা হয় ‘স্মোকি সিজন’। আশেপাশের গ্রাম ও জঙ্গলে আগুন দিয়ে জমি পরিষ্কার করার কারণে গোটা শহর ঢেকে যায় ধোঁয়ায়। বাতাসে থাকে প্রচুর ধুলিকণা। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এই সময় চিয়াং মাইয়ের প্রকৃতি যেন নিজের রূপ আড়াল করে রাখে। তাই এই মাসগুলোতে ঘোরাঘুরি করার পরিকল্পনা থাকলে, একটু ভেবে দেখাই ভালো।

তবে এপ্রিলের মাঝামাঝি এসে বদলে যায় শহরের চিত্র। শুরু হয় থাই নববর্ষ ‘সংক্রান উৎসব’। এটি পানির উৎসব হিসেবেই বেশি জনপ্রিয়। ছোট-বড় সবাই রাস্তায় পানি ছিটিয়ে আনন্দ করে।

চিয়াং মাই এই উৎসবের অন্যতম বড় কেন্দ্র। পর্যটকদের জন্য এই অভিজ্ঞতা সত্যিই আলাদা। তবে যদি ভিজতে না চান, তাহলে পুরোনো শহরের বাইরের হোটেল বেছে নেওয়া ভালো।

এই সময়েই বাজারে পাওয়া যায় টাটকা মৌসুমি ফল আম, মাংগোস্টিন। আর চিয়াং মাইয়ের বিখ্যাত খাবার লাল পিঁপড়ের ডিম দিয়ে তৈরি নানা পদ পাওয়া যায় ওয়ারোরট মার্কেটে।

মে থেকে অক্টোবর – এই সময় থাইল্যান্ডে বর্ষা। তবে সেটা মানে সারা দিন বৃষ্টি নয়। বেশিরভাগ সময় বিকেল বা সন্ধ্যায় অল্প সময়ের জন্য বৃষ্টি হয়। তাপমাত্রা থাকে প্রায় ৩০ ডিগ্রির কাছাকাছি, আর আর্দ্রতাও বেশি থাকে।

বর্ষায় চিয়াং মাই একেবারে নতুন রূপে ধরা দেয়। সবুজে মোড়ানো পাহাড়, ঝরনা আর স্নিগ্ধ প্রকৃতি। স্টিকি ওয়াটারফল আর মে সা ঝরনা এই সময় বেশি সুন্দর দেখা যায়।

এই সময়ে পাহাড়ি গ্রামে গিয়ে বাঁশের কুটিরে থাকা, গরম কফি হাতে মেঘের ভেতরে বসে থাকা। এমন অভিজ্ঞতা খুব সহজে ভুলবার নয়। আবার জুলাই মাসে পাহাড়ি শহর পাই-এ হয় জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল, যেখানে খোলা আকাশের নিচে চলে গানবাজনা।

চিয়াং মাই প্রতিটি ঋতুতেই নিজস্ব এক সৌন্দর্য নিয়ে হাজির হয়। আপনি যদি উৎসব ভালোবাসেন, যান নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। যদি চান থাই নববর্ষে পানি উৎসব উপভোগ করতে তাহলে এপ্রিল মাসে যান। আবার প্রকৃতির একান্ত সান্নিধ্যে শান্ত সময় কাটাতে চাইলে বর্ষাকালও হতে পারে অসাধারণ একটি অভিজ্ঞতা। আপনার ভ্রমণের ধরণ আর পছন্দটাই ঠিক করবে, কখন আপনার জন্য সেরা সময় চিয়াং মাই যাওয়ার।