বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

নারী বিজ্ঞানী মেরিসহ চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

WhatsApp Image 2025-10-06 at 6.49.38 PM

চলতি বছরের চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন খ্যাতনামা বিজ্ঞানী—যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।
তাদের সম্মানিত করা হয়েছে ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত গবেষণার জন্য, যা রোগপ্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় অনন্য ভূমিকা রাখে।

নোবেল কমিটির ব্যাখ্যায় বলা হয়েছে, মানবদেহের ইমিউন সিস্টেম অত্যন্ত শক্তিশালী হলেও তা সঠিকভাবে নিয়ন্ত্রিত না হলে নিজের অঙ্গপ্রত্যঙ্গকেই আক্রমণ করতে পারে। এই তিন বিজ্ঞানীর গবেষণা দেখিয়েছে কীভাবে দেহের প্রতিরোধ ব্যবস্থা আত্মঘাতী প্রবণতা থেকে বিরত থাকতে পারে। এটি অটোইমিউন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাদের এই গবেষণা ক্যানসার, অটোইমিউন ডিজঅর্ডারসহ নানা জটিল রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। সেইসঙ্গে ইমিউনোলজির এক নতুন শাখার ভিত্তি গড়ে তুলেছে।

বাংলাদেশ সময় সোমবার বিকেলে সুইডেনের স্টকহোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মেরি ই ব্রাঙ্কো বর্তমানে যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত।
ফ্রেড রামসডেল সান ফ্রান্সিসকোভিত্তিক সোনোমা বায়োথেরাপিউটিকস-এর বৈজ্ঞানিক উপদেষ্টা।
অন্যদিকে শিমন সাকাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটির ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের অধ্যাপক।

উল্লেখ্য, গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। তারা মাইক্রোআরএনএ আবিষ্কার এবং জিন নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে গবেষণার জন্য এই পুরস্কারে ভূষিত হন।