২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
নারী

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রচারপত্র তৈরি করেছেন শেখ সাদিয়া সিদ্দিকা

WhatsApp Image 2025-10-03 at 20.21.29_ae4029c1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রচারপত্র (লিফলেট) তৈরি করেছেন হল সংসদের প্রার্থী শেখ সাদিয়া সিদ্দিকা। বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের ভিপি (সহসভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

জানা যায়, শামসুন্নাহার হলে দৃষ্টিপ্রতিবন্ধী চারজন ছাত্রী রয়েছেন। সাদিয়া তাঁদের জন্যই ব্রেইল পদ্ধতিতে নিজের নাম ও ব্যালট নম্বরের লিফলেট করেছেন। এর মধ্যে একজনের হাতে প্রচারপত্র তুলে দিয়েছেন।

শেখ সাদিয়া সিদ্দিকা বলেন, ইউটিউবে ভিডিও দেখে নিজ উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রচারপত্র তৈরি করেন তিনি। অন্যদিকে তিনি চট্টগ্রামে ব্রেইল প্রচারপত্র ছাপানোর মতো প্রেস পাননি- বলে জানান তিনি।

সাদিয়া আরও বলেন, ‘প্রশাসন যেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যথাযথ ব্যবস্থা নেয় তাই এটি করার মাধ্যমে প্রশাসনকে একটি বার্তা দিতে চেয়েছেন।’

উল্লেখ্য, ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫২১ জন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্যালট পেপার ছাপানো হবে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। ব্যালটে ব্রেইল যুক্ত করার বিষয়ে জানতে চাইলে চাকসুর  প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘আমরা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। নির্বাচনে ব্যালটে ব্রেইল যুক্ত করার চেষ্টা চলছে।’

Advertisements
Advertisements