বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
স্পটলাইট

বিজয়া দশমী : মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি

WhatsApp Image 2025-10-02 at 13.51.53_5828cf43

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ, বিজয়া দশমী। চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা, ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিচ্ছেন। এদিকে প্রতিটা মণ্ডপে প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।  

বিজয়া দশমী উপলক্ষ্যে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন আয়োজনে ব্যস্ত সময় পার করছেন। গানের তালে তালে আনন্দ-উৎসব করতেও দেখা যায়। সকালে সমাপনী পূজা, তারপর মন্দিরে প্রণাম এবং সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলছেন ভক্তরা।

অন্যদিকে বিজয়া দশমীর দিনে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা জোরদার করেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। 

সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি মনোতোষ কুমার রায় বলেন, প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরের দিকে নেওয়া হবে। সেখান থেকে বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হবে। বিসর্জনের জন্য সব প্রস্তুতি নেওয়া আছে। শোভাযাত্রার জন্য ট্রাকসহ সব ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। 

হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা দোলায় চড়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান। মানুষের মনের অসুরিক প্রবৃত্তি- কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য- এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই এ আয়োজনের উদ্দেশ্য।