ঠাকুরগাঁওয়ে মা-মেয়ের অর্ধগলিত লা/শ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা জগদীশ রায়ের স্ত্রী সুমনা রানী (৪২) ও তাঁর বাক্প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন মেয়ে শাপলা রানী (১৮)।
স্থানীয়সূত্রে জানা যায়, সুমনা রানী ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে এনজিওর কর্মী ঋণের টাকা নিতে তাঁর বাড়ি যান। তাঁকে না পেয়ে ফিরে আসেন, সন্ধ্যায় আবার গেলে ঘরের ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে উঁকি দেন্। সেখান থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমনা রানী বাড়ি রক্ষার জন্য দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রাখতেন। হয়তো রাতে ঘুমানোর আগে সুইচ বন্ধ করতে ভুলে যাওয়ায় মা-মেয়ের মৃত্যু ঘটে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা পরীক্ষা করে নিশ্চিত হন, দরজার লোহার নেটে তখনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল।
ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বলেন, ঘরের দরজার নেটে বিদ্যুতের সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে দুই-তিন দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



