৯ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৫ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য

উৎসবের উল্লাস হোক আনন্দময় ও নিরাপদ

IMG_8170

উৎসব মানেই আনন্দ, উচ্ছ্বাস, আর মানুষের মিলনমেলা। ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক যেকোনো উপলক্ষে উদ্‌যাপিত এই উৎসবগুলো আমাদের জীবনে বিশেষ মাত্রা যোগ করে।

আমাদের সংস্কৃতিতে উৎসব শুধু আনন্দের উৎস নয়, এটি ক্লান্ত জীবনে এক টুকরো স্বস্তি, পরিবার-পরিজনের সঙ্গে কাটানো মূল্যবান মুহূর্ত এবং সমাজের সঙ্গে সংযোগ গড়ে তোলার সুযোগ। নানা আয়োজনে, হাসি-আনন্দে মেতে উঠে আমরা ভুলে যাই জীবনের একঘেয়েমি। তবে অনেক সময় অতিরিক্ত উচ্ছ্বাস বা অসচেতন আচরণ আমাদের বা অন্যের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

তাই উৎসবকে আনন্দময় এবং নিরাপদ রাখতে আমাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

খাবার গ্রহণে সতর্ক

বিভিন্ন মেলা, রাস্তার ধারের খাবার স্টল, বা ঘরোয়া পার্টির খাবার আমাদের উৎসবের আনন্দকে বাড়িয়ে দেয়। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার খেলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। খাদ্যে বিষক্রিয়ার কারণে বমি, ডায়রিয়া, পেটব্যথা বা আরও জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের জন্য এটি মারাত্মক হতে পারে। তাই উৎসবে বাইরে খাবার গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত। রাস্তার খাবারের চেয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে প্রস্তুতকৃত খাবার খাওয়াই ভালো।

Advertisements

অপরাধ বিষয়ে সতর্ক হওয়া

উৎসবের ভিড়ে মানুষ আনন্দে মেতে থাকার সময় অনেক অপরাধী সুযোগ নেয়। উৎসবের ভিড়ে বেখেয়ালি হয়ে চুরি, ছিনতাই বা প্রতারণার ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। তাই নিজের ব্যক্তিগত জিনিসপত্র সুরক্ষিত রাখা এবং অপরিচিতদের প্রতি অতিরিক্ত বিশ্বাস না করাই শ্রেয়।

অগ্নিকান্ড ও বৈদ্যুতিক ঝুঁকিমুক্ত পরিবেশ সৃষ্টি

উৎসব মানেই আলোর ঝলকানি, আতশবাজির রোশনাই। কিন্তু এর মাঝেও অনেক সময় বিপদের সম্ভাবনা। লুকিয়ে থাকে। বেপরোয়া আতশবাজি, অনিরাপদ আলোকসজ্জা, বা বৈদুতিক সরঞ্জামের ব্যবহারে অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঝুঁকি বেশি। নিরাপত্তা বিধান ছাড়াই এসব ব্যবহার করলে আনন্দ মুহূর্তেই শোকের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সুরক্ষার ব্যবস্থা এবং নির্দিষ্ট নিয়ম মেনে আতশবাজি ও আলোকসজ্জা ব্যবহার করা উচিত।

শিশুদের ও প্রবীণদের নিরাপত্তা

দুর্গাপূজায় শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। শিশুর গলায় পরিচয়পত্র পরানো, ভিড়ের মধ্যে হাত না ছাড়া, এবং হারিয়ে গেলে কী করতে হবে তা শেখানো উচিত। অপরিচিত ও ভিড়পূর্ণ মণ্ডপ এড়িয়ে চলাই ভালো। প্রবীণদের একা না পাঠিয়ে একজন সঙ্গী রাখা, প্রয়োজনে ওষুধ সঙ্গে নেওয়া, এবং বিশ্রামের ব্যবস্থা করাও জরুরি। জোরালো আলো ও শব্দ থেকে তাদের দূরে রাখা উচিত। শিশু ও প্রবীণ দু’জনের ক্ষেত্রেই পরিচয়পত্র থাকা জরুরি। এসব সতর্কতা মানলে দুর্গাপূজা সবার জন্য আনন্দদায়ক ও নিরাপদ হবে।

সড়ক দুর্ঘটনায় সতর্কতা

উৎসবের সময় অতিরিক্ত আনন্দের কারণে অনেকেই বেপরোয়া হয়ে যান, দ্রুত গতিতে গাড়ি চালান। ট্রাফিক আইন মানতে ভুলে যান। বিশেষ করে মদ্যপান অবস্থায় গাড়ি অলানোর ফলে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।তাই উৎসবের সময় গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত। সড়ক নিরাপত্তার নিয়মগুলো মেনে চলা অপরিহার্য।

পর্যাপ্ত পানি ও বিশুদ্ধ পানীয় গ্রহণ

উৎসবে ঘোরাঘুরি, নাচ-গান বা নানা আয়োজনের কারণে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। অনেকেই ব্যস্ততার কারণে পানি পান করতে ভুলে যান, ফলে ডিহাইড্রেশন বা গরমে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বাড়ে। তাই উৎসবের সময় নিজে ও পরিবারের সদস্যদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি পানের বিষয়ে সতর্ক থাকতে হবে। রাস্তার খোলা বা অপরিচ্ছন্ন পানীয় না খাওয়াই ভালো। বোতলজাত বা বিশ্বস্ত উৎসের পানি গ্রহণ করা উচিত।

মদ্যপান ও মাদকদ্রব্য সেবনে সংযম

উৎসবের সময় অনেকেই আনন্দ উদযাপনে অতিরিক্ত মদ্যপান বা মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট হয়। মদ্যপান বা মাদক সেবন সীমা অতিক্রম করলে তা বিপজ্জনক হয়ে ওঠে। অনেক সময় মদ্যপান করে মানুষ সংযম হারিয়ে ফেলে। অন্যের সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। এতে পারিবারিক বা সামাজিক অশান্তি সৃষ্টি হয়। উৎসবের আনন্দ হারিয়ে যায়। এছাড়া মদ্যপান অবস্থায় গাড়ি চালানো বা রাস্তা পার হওয়া মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।যা দীর্ঘমেয়াদে সমাজ ও ব্যক্তির জন্য ক্ষতিকর। উৎসবের সময় এ ধরনের বেপরোয়া আচরণ শুধু নিজের জন্যই নয়, বরং আশপাশের মানুষদের জন্যও বিপদ ডেকে আনতে পারে। তাই উৎসবে মদ্যপান বা মাদক সেবনের বিষয়ে সংঘম ও সতর্কতা অবলম্বন করা উচিত। যথাসম্ভব এটিকে এড়িয়ে চলা উত্তম। ভিড়ে পদদলনের আশঙ্কামুক্ত থাকা উৎসবের সময় ভিড় জমাট হওয়া খুবই সাধারণ একটি ঘটনা।

বিভিন্ন ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসবে হাজার হাজার মানুষ একত্রিত হয়। বিশেষ করে বড় মাপের আয়োজনগুলোতে। এমন সময় ভিড়ের মধ্যে সামান্য বেখেয়ালিপনা থেকেই বড় বিপদ ঘটে যেতে পারে। এতে শারীরিক আঘাত বা প্রাণহানির আশঙ্কা থাকে বিভিন্ন মেনা, ধর্মীয় পুজা বা কনসার্টে এঘটনা অহরগ্রহ। ভিড়ের মধ্যে বেখেয়ালি হয়ে না পড়ে, মানুষের ভিড় থেকে দূরে থাকা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। এছাড়া, ভিড়ের মধ্যে বাচ্চা বা বয়স্ক মানুষদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত। এক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে একটি নির্দিষ্ট স্থান বা সময় নির্ধারণ করে রাখা যেতে পারে, যাতে কোনো সদস্য হারিয়ে গেলে সহজেই খুঁজে পাওয়া যায়।

Advertisements