বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৫ জুন, ২০২৬
নারী

বাংলাদেশি হওয়ার স্বপ্ন ব্রিটিশ নাগরিক জিলিয়ান এম রোজের

am roj

বাংলাদেশের মানুষের কাছে ‘মানবতার মা’ এবং ‘মাদার তেরেসা’ নামে পরিচিত ব্রিটিশ নাগরিক জিলিয়ান এম রোজ। প্রায় ৫১ বছর ধরে বাংলাদেশের প্রান্তিক মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন তিনি। তাঁর চলন-বলন ও সাবলীল বাংলা ভাষায় কথা বলার ধরন দেখে যেন তাঁকে বাংলাদেশি মনে হয়। অনেক চেষ্টার পরও তিনি এখনো বাংলাদেশের নাগরিকত্ব পাননি। নাগরিকত্ব পেলে জীবনের শেষ দিন পর্যন্ত এদেশের মানুষের সেবাই নিয়োজিত থাকতে চান। ইতোমধ্যে তিনি বাংলাদেশ সরকারের নিকট নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন।

জিলিয়ান এম রোজ ১৯৩৯ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে প্রথম বরিশালে মিশনারি হিসেবে যোগদান করেন। নিজ দেশে ফিরে গেলেও বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি ১৯৭৪ সালে আবার ফিরে আসেন। মায়ের সেবা করতে ১৯৮১ সালে ইংল্যান্ডে গিয়ে সেবিকা হিসেবে প্রশিক্ষণ নেন।

বাংলাদেশে এসে প্রথমে খুলনা এবং মুজিবনগরের বল্লভপুর হাসপাতালে যাওয়া আসা শুরু করেন। ১৯৯৬ সাল থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর হাসপাতালের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব নেন। এক সময় কোনো চিকিৎসক ছাড়া একাই রোগীদের সেবা করতেন। বর্তমানে তার সঙ্গে কাজ করছেন কয়েকজন সেবিকা। একটি বৃদ্ধাশ্রমও গড়ে তুলেছেন এবং তখন থেকেই তিনি মুজিবনগরের প্রান্তিক জনগোষ্ঠীর সেবা দিয়ে যাচ্ছেন।

সিস্টার জিলিয়ান রোজ নিজের জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছেন এবং সর্বদা তিনি মানুষের সেবায় নিয়োজিত থাকেন, কখনো রোগীদের ওপর বিরক্ত হন না- এমনটাই বলছিলেন বল্লভপুর হাসপাতালের নার্স হান্না মন্ডল।

জিলিয়ান এম রোজকে পেয়ে খুশি হাসপাতালের স্টাফ এবং এলাকাবাসী। অন্যদিকে হাসপাতালটি পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জিলিয়ান এম রোজের সঙ্গে কথা বলে তাঁর নাগরিকত্ব ব্যবস্থা করার আশ্বাস দেন।

সেখানকার রোগীরা জানান, তিনি খুব গুরুত্ব সহকারে ডেলিভারি, ডায়াবেটিস, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়াসহ শিশুদের চিকিৎসা দেন এবং খুব কম সময়ে রোগ ভালো হয়। সিস্টার জিলিয়ান এম রোজ জানান, বাংলাদেশের প্রান্তিক, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা দিতে গিয়েই তিনি এ দেশের প্রেমে পড়ে যান। অনেক চেষ্টার পরও এখন পর্যন্ত তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাননি।

জাতীয় যুবশক্তি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম বলেন, বহুবার চেষ্টা করেও নাগরিকত্ব পাননি জিলিয়ান এম রোজ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁকে আশ্বাস দেন এবং স্থানীয়ভাবে সব প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন,জিলিয়ান রোজ তার জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশের মানুষের সেবায় ব্যয় করেছেন এবং এই বয়সেও তিনি নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাঁকে সব সহযোগিতা প্রদান করা হবে।