বিক্ষোভে সহিং/সতা অপরাধ, তদন্তের আশ্বাস সুশীলা কার্কির

গত সপ্তাহের জেন-জি বিক্ষোভে সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি দোষীদের বিচারের আশ্বাস এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসহ নির্বাচনের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। এমনকি মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে, তা আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেন সুশীলা কার্কি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দায়িত্ব পাওয়ার পর রবিবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কার্কি। দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচনের প্রতিশ্রুতি দেন এবং বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহয়তা দিবেন বলে ঘোষণা করেন।
সিংহদরবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কার্কি বলেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও সঠিক পথে দেশকে এগিয়ে নিতে সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে, তা আমি আগে কখনো দেখিনি। এ প্রজন্মের দাবি পূরণে আমাদের দৃঢ় সংকল্পে কাজ করতে হবে। আমি আপনাদের অনুরোধেই এই দায়িত্ব নিয়েছি। বিক্ষোভের নামে যা ঘটেছে, তা পরিকল্পিত মনে হয়, যা ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি করে।” কার্কি বলেন, দেশের অর্থনীতি যেন ঘুরে দাঁড়াতে পারে এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।



