বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

নেপালে আন্দোলনের নেপথ্যে ‘নেপো কিডস’, কারা এরা?

Nepo-Kids-68c3f878aa5fa

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে নেপালে ভয়াবহ গণঅসন্তোষ তৈরি হয়েছে। দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য হয় আত্মগোপনে চলে গেছেন, নয়তো দেশ ছেড়ে পালিয়েছেন। উত্তাল জনতা শুধু নেতাদের বাড়িঘরেই আগুন দেয়নি, বরং সংসদ ভবন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে।

পুলিশি দমন-পীড়নে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। বর্তমানে সেনাবাহিনী কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিচ্ছে।

যদিও প্রথমে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তকে বিক্ষোভের মূল কারণ বলা হচ্ছিল, বিশ্লেষকরা বলছেন—আসল সমস্যা হলো সীমাহীন দুর্নীতি ও রাজনৈতিক স্বজনপ্রীতি। বিক্ষোভের সময় সবচেয়ে বেশি ক্ষোভের শিকার হয়েছেন রাজনীতিকদের সন্তান-সন্ততিদের প্রতি, যাদের ‘নেপো কিডস’ বলা হচ্ছে। সাধারণ মানুষ যখন বেকারত্ব, মূল্যস্ফীতি ও দারিদ্র্যে জর্জরিত, তখন ক্ষমতাধর পরিবারগুলোর সন্তানদের বিলাসী জীবনযাপন জনরোষ আরও বাড়িয়ে দিয়েছে।

টিকটক, ইনস্টাগ্রাম, রেডিট ও এক্স–এ ছড়িয়ে পড়া নেপো কিডসদের ছবি–ভিডিওতে দেখা গেছে দামি গাড়ি, ডিজাইনার পোশাক ও বিদেশ ভ্রমণের দৃশ্য। বিক্ষোভের আগে #PoliticiansNepoBabyNepal ও #NepoBabies হ্যাশট্যাগগুলো ব্যাপক ভাইরাল হয় এবং লাখো মানুষ এতে অংশ নেন।

আলোচিত কয়েকজন নেপো কিডস

শৃঙ্খলা খাতিওয়াড়া:

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়াড়ার মেয়ে। মিস নেপাল খেতাব জয়ী এই তরুণীর বিদেশ ভ্রমণ ও বিলাসী জীবনের ছবি ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা তাঁর বাবার বাড়িতে আগুন দেয়। এ ঘটনার পর থেকে ইনস্টাগ্রামে তিনি এক লাখের বেশি অনুসারী হারান।

শিবানা শ্রেষ্ঠা:

গায়িকা ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পুত্রবধূ। দামি ফ্যাশন ও বাড়ির ভিডিও পোস্টের কারণে অনলাইনে আক্রমণের শিকার হন তিনি ও তাঁর স্বামী জয়বীর সিং দেউবা। তাঁদের কোটি টাকার সম্পদের ছবি ছড়িয়ে পড়ে।

স্মিতা দহল:

সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের (প্রচণ্ড) নাতনি। তিনি সামাজিক মাধ্যমে লাখ টাকার হ্যান্ডব্যাগের ছবি পোস্ট করলে প্রচণ্ডর বাড়িতেও হামলা হয়।

সৌগত থাপা:

আইনমন্ত্রী বিন্দু কুমার থাপার ছেলে। বিলাসবহুল পোশাক ও জীবনযাত্রা প্রদর্শনের কারণে তাকেও চিহ্নিত করেছে বিক্ষোভকারীরা।দুর্নীতি ও স্বজনপ্রীতির চিত্রট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, নেপাল এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ৭১ মিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে। এছাড়া ভুটান থেকে বাস্তুচ্যুত নেপালিদের জন্য নির্ধারিত শরণার্থী কোটাও বেচাকেনার অভিযোগ উঠেছে।

বিশ্লেষকদের মতে, এই সীমাহীন দুর্নীতি, বৈষম্য ও নেতাদের পরিবারের বিলাসী জীবনযাপনই নেপালের বর্তমান আন্দোলনের প্রকৃত চালিকাশক্তি।