বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
নারী

কদমতলীতে নারীর বস্তাব/ন্দী লা/শ উ/দ্ধার

IMG-20250912-WA0006

রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকায় সড়কের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে।

পরে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা মোসা. রেখসনা বেগম (৪২)। তাঁর বাবার নাম হাতেম হাওলাদার।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, লাশ উদ্ধারের সময় নারীর নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং মুখমণ্ডলে আংশিক পচন ধরেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর তাঁর লাশ বস্তায় ভরে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, রেখসনা জুরাইন এলাকায় একটি বাসায় সাবলেট থাকতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন এবং মাঝে মাঝে ভিক্ষাবৃত্তিও করতেন। তাঁর স্বামী জীবিত, তবে আলাদা থাকেন। স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ হতো। সাবলেটে যাঁর সঙ্গে থাকতেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।