হিজাব বিতর্ক ছাপিয়ে ডাকসুতে সাবিকুন নাহারের বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হিজাব নিয়ে কটাক্ষের শিকার সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।
ডাকসু নির্বাচনে তিনি মোট ১০ হাজার ৮৪টি ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার সময় বিকৃত করা হয় প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি। তবে তিনি সেই ছবিকেই নিজের প্রচারণার হাতিয়ার বানান। গত ২৬ আগস্ট নিজের ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে লেখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’ নারীর ছবি এমনভাবে বিকৃত করাকে নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ উল্লেখ করে প্রতিবাদ জানায় ঢাবি শিক্ষার্থীরা।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন। এছাড়াও নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।



