বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
নারী

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন

IMG-20250907-WA0006

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান বিতর্ক উৎসব। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সামছুজ্জামান বিপ্লব। বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বেলুন উড়িয়ে তিনি কার্যক্রমের সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক ও সুহৃদ সমাবেশের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঠাকুরগাঁও পিটিআইয়ের ইন্সট্রাক্টর মো. রুহুল আমিন প্রধান, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফজাল হোসেন এবং বাপা পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান ছিল বিএফএফ–দৈনিক সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ১১তম আসর। আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতা করেছে পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ।

জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেয়—পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুড়া প্রধানপাড়া উচ্চ বিদ্যালয়, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট ইন্সটিটিউট, মাঘই পানিমাছ পুকুরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, হান্নান শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়। তবে দেওয়ানহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সময়মতো উপস্থিত হতে না পারায় প্রথম রাউন্ডে বিষ্ণু প্রসাদ বিদ্যালয় সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায়।

চূড়ান্ত পর্বে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মাগুড়া প্রধানপাড়া উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। একই সঙ্গে বিজয়ী দলের শিক্ষার্থী নাঈমা তাসনিমকে সেরা বক্তা নির্বাচিত করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন আবু তালেব, আফজাল হোসেন, ফজলে রাব্বী, আমিন ইসলাম, রাবেয়া জাহান, জাহাঙ্গীর আলম এবং গোলাম আজম রানা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা উদীচীর সাবেক সভাপতি সফিকুল ইসলাম। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পাশাপাশি অন্য অংশগ্রহণকারী দলগুলোকেও সনদপত্র প্রদান করা হয়। সভাপতিত্ব করেন সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ ও প্রভাষক সবুজ ইসলাম। সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশের সদস্য সচিব মো. হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথি সফিকুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, “প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞান মিলেই মানুষের সমন্বিত জ্ঞান গড়ে ওঠে। তাই শিক্ষাজীবনের শুরু থেকেই বিজ্ঞানের সঠিক ধারণা শিশুদের মধ্যে গড়ে তোলা জরুরি।”