সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: সৈয়দা রিজওয়ানা হাসান

শনিবার (৩০ আগস্ট) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৪’ প্রদান অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
তিনি আরও বলেন, জনগণের অব্যাহত অবদান দেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। এজন্য নাগরিক সমাজ, সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবেশ রক্ষার সংগ্রাম শুধু নীতি বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে।
এসময় তিনি বিভিন্ন সরকারি উদ্যোগের উদাহরণ তুলে ধরেন। এবং তিনি বলেন ঢাকা আগের তুলনায় অনেক বেশি সবুজ। প্রায় প্রতিটি বাড়ির ছাদে এখন ছাদবাগান দেখা যায় যা আগে সেভাবে দেখা যেত না।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য চারজনকে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান করা হয়।



