নারীদের সুরক্ষায় ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠনের দাবি

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং, নারী প্রার্থী ও শিক্ষার্থীদের প্রতি একধরনের অশোভন ও নারীবিদ্বেষী আচরণ দেখা যাচ্ছে। সাইবারজগতে নারী শিক্ষার্থী ও প্রার্থীদের সুরক্ষায় ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠনের দাবি। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্যানেলের সদস্যরা আট দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন। ডাকসুর ভিপি প্রার্থী উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। তাঁদের দাবিগুলো হলো ভোটের দিন পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে নির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। বিশেষ করে যেসব কেন্দ্রের অবস্থান বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বাইরে, সেখানে নিরাপত্তা জোরদার করতে হবে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় পাশাপাশি ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের সব বাসের অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করতে হবে।
অনাবাসিক অনেক শিক্ষার্থীর হল কার্ডই নেই। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কার্ড এবং ২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের পে-ইন স্লিপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ডাকসুতে ভোট দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের নবায়ন করা (রিনিউড) হল কার্ড ব্যবহার করতে হয়। নির্বাচনের দিন সব বুথে পর্যাপ্ত খাবার পানি, স্যানিটেশন সামগ্রী এবং মেডিকেল টিম রাখার দাবি জানিয়েছে।
এছাড়াও ডাকসু নির্বাচনে কেন্দ্রগুলো হলের কাছাকাছি হতে হবে, যাতে শিক্ষার্থীরা ভোটদানে উৎসাহী হয়ে ওঠেন। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা হলের জন্য ভোটকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পরিবর্তে সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে নারী শিক্ষার্থীরা ভোটদানে বেশি আগ্রহী হবেন। শামসুন্নাহার হলের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল। তবে কেন্দ্রটি পরমাণু শক্তি কেন্দ্রে স্থানান্তর করা হলে ভালো হয়।
মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব বা ব্যবসায় শিক্ষা অনুষদে স্থানান্তর এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের ভোটকেন্দ্র শারীরিক শিক্ষাকেন্দ্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে স্থানান্তর করার দাবি জানিয়েছে।
এদিকে ডাকসুর নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অনেকেই ডাকসুর আচরণবিধি ভঙ্গ করছেন। বিশেষ করে মেয়েরা বিভিন্নভাবে বুলিং এর শিকার হচ্ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করে একটি ‘সাইবার সিকিউরিটি সেল’ তৈরি করার দাবি জানিয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তাঁদের।



