মেয়েদের ফুটবলে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে

প্রথমবার নারী এশিয়া কাপে বাংলাদেশ। ২০২৬ সালে অনুষ্ঠিত এ আসরকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের আগে কমপক্ষে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাংলাদেশ। গতকাল বাফুফে ভবনে সংবাদমাধ্যমের কাছে মেয়েদের নিয়ে নিজেদের পরিকল্পনাগুলো তুলে ধরেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
ছয় মাসের দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। জাপানে গিয়ে ক্যাম্প করা, অস্ট্রেলিয়া যাওয়ার পথে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। তারই ধারাবাহিকতায় থাইল্যান্ডে গিয়ে ম্যাচ খেলবেন মেয়েরা। এরই মধ্যে অক্টোবরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে বাংলাদেশের। ২৫ ও ২৮ অক্টোবরে থাইল্যান্ডে গিয়ে দুটি ম্যাচ খেলবেন আফঈদা খন্দকার-তহুরা খাতুনরা।
নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘অক্টোবর নারী ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলব। এটি চূড়ান্ত হয়েছে। নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় খেলার চেষ্টা করছি। এজন্য ভিয়েতনামসহ অন্য দলগুলোকে চিঠিও দিয়েছি।’
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পরই জাপানে গিয়ে তিন সপ্তাহের ক্যাম্প করবে নারী জাতীয় দল। তবে সেখানে কোনো ম্যাচ খেলবে না। সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন করা হবে। অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও দুটি ম্যাচ হবে। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং কিংবা মালয়েশিয়ায় ম্যাচ হতে পারে অথবা নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে সেখানে খেলে অস্ট্রেলিয়া যেতে পারে। অনূর্ধ্ব-২০ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে আগামী বছর মার্চে। সিনিয়র দলের সঙ্গে বয়সভিত্তিক দলের খেলোয়াড়রাও থাকবে অনুশীলন ও ম্যাচগুলোতে- এমনটাই বলছিলেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
১ সেপ্টেম্বর থেকে বাফুফের মিশন অস্ট্রেলিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যাচ্ছে সপ্তাহে দুয়েক।
বাফুফে যে পরিকল্পনা নিয়েছে মিশন অস্ট্রেলিয়ার জন্য, সেখানে অনেক টাকার প্রয়োজন। তবে বাফুফের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও নারীদের এশিয়া কাপ মিশনে অর্থের কোনো সমস্যা হবে না বলে মনে করছেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান ।



