বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
পাঠক কর্নার

পিছুটান

cover mamun (25)

নীল সন্ধ্যাগুলোতে ইচ্ছে হয়,
দুমড়ে মুচড়ে ভেঙে
হাওয়ায় ভাসিয়ে দেই
সব.. সব
জীবনের যত আয়োজন।
কিন্তু পিছুটানের মেঘ তো
পিছু ছাড়ে না।
হাতছানি দেয়,
বেচেঁ থাকার প্রেরণা জোগায়।
প্রতিবেলার ভালোবাসা, প্রিয় কিছু মুখ
জাপটে ধরে জীবনকে..
এ যেন সুন্দর করে ঘুরে দাড়াঁনোর আশা।।
আমাদের সেই একতলা বাড়ি,
সামনে বিশাল উঠোন
গাছের মিছিল,
ভালোবাসার শ্লোগান।
অন্ধকার চিলেকোঠা,
পুরনো আসবাবের ভীড়ে ভীষণ প্রিয় অভিমান জমা।
বাড়ির একপাশে ছোট্ট জলাধার,
নির্জন দুপুরে তার টলমল জলে নিজের লাজুক মুখের প্রতিচ্ছবি,
বন্ধুদের সাথে আনন্দ, গোপন কথা,হাসাহাসি
হলুদ বিকেলে খেলতে যাওয়া, লাল ফিতার দুইবেনী, এলোমেলো চুলের যুবক
তার বুক খোলা শার্ট,
মনের রুল করা খাতায় পুরনো খসড়া করা চিঠি,
যা আজও পৌছায়নি তার প্রাপকের কাছে,
খোলা পায়ে লাল পিপড়াদের কামড়,
জামায় চোরকাঁটা আটকে যাওয়া… অকারণে চোখে পানি।
মায়া।
তারপর কিশোরী কৃষ্ণচূড়ার ছায়ায়
তুমি -আমি,
অপেক্ষা,
টং দোকানের গরম চা,
বেইলি রোডে রিকশায় ঘোরাঘুরি,
কত প্রিয় কথা,
খুনসুটি অযথা
লাল টিপ, কাজল,
কাঁচের চুড়ির মাতাল করা শব্দ,
তৃষ্ণার্ত রাতের একটু ছোঁয়া।
লাজুক ভোর।
বৃষ্টির গল্প.. শাড়ির ভাঁজে গুছিয়ে রাখা স্মৃতি,
এক জীবনে আর কি চাই!!
বেচেঁ থাকার উপকরণ
সবই তো দেয় হৃদয়ে টান,
তাই ফিরে আসি
আঁকড়ে ধরে দাড়িয়ে থাকি…
প্রিয় সে একই উঠোন।।

ভালো থেকো আমার আকাশ, দূরের তারা,
ছোট গল্প, কবিতা, ভালোবাসা আর অভিমান,
তোমরাই আমার বেচেঁ থাকা
আমার পিছুটান।।