প্রতিদিন শ্যাম্পু করা কি ভালো?

চুল পরিষ্কার ও ঝকঝকে রাখতে অনেকেই প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করেন, বিশেষ করে যাঁরা প্রতিদিন বাইরে যান। কিন্তু প্রশ্ন হলো এভাবে প্রতিদিন শ্যাম্পু করলে কি চুলের ক্ষতি হয়?
রূপবিশেষজ্ঞদের মতে, মাথার ত্বক পরিষ্কার রাখা খুবই জরুরি। বাইরে ধুলা ময়লা ও দূষণের কারণে চুলে খুশকি, চুলকানি কিংবা ব্রণের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত শ্যাম্পু ব্যবহার করাই ভালো। তবে শ্যাম্পুর পর সঠিক যত্ন নিলে চুলের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না।
কোন শ্যাম্পু ব্যবহার করবেন?
চুলের ধরন ও ঋতু অনুযায়ী শ্যাম্পু বেছে নেওয়া উচিৎ। যেমন শীতে ময়েশ্চারাইজারসমৃদ্ধ শ্যাম্পু ভালো কাজ করে। আবার তৈলাক্ত চুলের জন্য আলাদা শ্যাম্পু দরকার। তাই বোতলের উপাদান তালিকা দেখে ব্যবহার করাই সঠিক উপায়।
শ্যাম্পুর পর যত্ন শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা নিয়ম হলেও সব সময় এটি যথেষ্ট নয়। বিশেষ করে যাঁরা চুলে রং বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করেন, তাঁদের জন্য হেয়ার মাস্ক বেশি উপকারী। বাজারে নানা ধরনের মাস্ক পাওয়া যায়। শ্যাম্পু করার পর চুল ধুয়ে মাস্ক লাগিয়ে ১০ মিনিট রেখে আবার ধুয়ে ফেললেই চুল হয় নরম ও স্বাস্থ্যকর। এরপর তোয়ালে দিয়ে শুকিয়ে নিলে সিরাম ব্যবহার করতে পারেন।

বাজার থেকে কেনা ছাড়াও ঘরে বসেই তৈরি করা যায় কার্যকর হেয়ার মাস্ক। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ মধুএবং ১টি মাঝারি আকারের কলা ব্যবহার করে ঘরেই বানিয়ে নিন পুষ্টিগুণ সম্পন্ন হেয়ার মাস্ক। সব উপাদান ব্লেন্ডারে মিহি করে মিশিয়ে নিন। শ্যাম্পুর পর পরিষ্কার চুলে লাগিয়ে ১০–১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ভালোভাবে না হলে কলা বা অ্যালোভেরার কণা চুলে আটকে যাবে।
প্রতিদিন শ্যাম্পু করা মোটেও ক্ষতিকর নয়। বরং মাথার ত্বক পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয়। তবে শ্যাম্পুর পাশাপাশি নিয়মিত কন্ডিশনার, মাস্ক ও সিরাম ব্যবহার করলে চুল থাকবে আরও সুস্থ, নরম আর উজ্জ্বল।



