মা হয়েছেন পপ তারকা লেডি গাগা

মার্কিন পপ তারকা লেডি গাগা প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। সম্প্রতি বাগদত্তা মাইকেল পোলানস্কি ও নবজাতক সন্তানসহ উত্তর ক্যালিফোর্নিয়ায় এই গায়িকাকে প্রথমবার জনসমক্ষে দেখা গেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।

তবে পুত্র নাকি কন্যা সন্তান জন্ম দিয়েছেন গাগা তা এখনও জানা যায়নি। সন্তান জন্মের তারিখও রয়ে গেছে অজানা।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে নিয়ে একসঙ্গে দেখা গেছে গাগা ও মাইকেলকে। তিন সদস্যের পরিবার হিসাবে এটিই তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে মনে করা হচ্ছে।

গেল কয়েক মাস ধরে খানিক আড়ালেই ছিলেন গাগা। ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন গ্র্যামি জয়ী এই গায়িকা। ৪০ বছরের গাগা এবং ৪২ বছরের মাইকেল সাম্প্রতিক সময়ে খুব একটা প্রকাশ্যে আসেননি। তবে এ প্রসঙ্গে তাদের থেকে সরাসরি কোনও মন্তব্য শোনা যায়নি।
যদিও এর আগে সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন গাগা। ২০২৫ সালের মার্চে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পারিবারিক জীবন শুরুর কথা। সে সময় মাতৃত্বকই জীবনের অন্যতম বড় লক্ষ্য হিসেবে জানিয়েছিলেন গায়িকা।
গাগা-মাইকেলের সম্পর্কের গুঞ্জন ২০১৯ সালে। তারা বাগদান সম্পন্ন করেন ২০২৪ সালের মার্চে। এর আড়াই বছর পর সন্তান এলো তাদের ঘরে। তবে মা হওয়ার পর কোনো প্রতিক্রিয়া জানাননি গাগা বা মাইকেল।



