সংস্কারের প্রথম ধাপ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন: শামা ওবায়েদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে খাড়দিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, “দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষ নির্ভয়ে কথা বলতে পারেনি এবং যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার ফিরিয়ে আনতে মানুষকে রাস্তায় নামতে হয়েছে। এমনকি বন্দুকের মুখে দাঁড়িয়ে রক্ত ঝরাতে হয়েছে। তাই সংস্কার করতে হবে। এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংস্কার সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিক তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ ও এনায়েত হোসেনসহ প্রমুখ।
তিনি আরও বলেন, “চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা নেই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না। ধর্ম, বর্ণ, গোত্র বা জাত নির্বিশেষে সবার অধিকার সুরক্ষিত থাকবে।”
তিনি এনসিপি নেতাদের ইঙ্গিত করে বলেন, “আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু আমরা দেখছি, মাত্র দুই মাস আগে গঠিত এই নতুন দল থেকে লোকজন পদত্যাগ করছে। তাই অন্য দলের সমালোচনা না করে নিজের দলকে গোছানো উচিত। কেউ বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কিন্তু আমাদের সন্তানেরা কি এই জন্য জীবন দিয়েছে।”



