অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী আশা, নতুন ওষুধে উধাও টিউমার!

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানাচ্ছেন গবেষকরা। ডারাক্সোনরাসিব (Daraxonrasib) নামের একটি ওষুধ কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পরীক্ষায় কিছু রোগীর টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় এটি অন্যতম উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৬১ জন রোগীর ওপর চালানো প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা অদৃশ্য হয়ে গেছে। আর প্রায় ৮ শতাংশ, অর্থাৎ প্রতি ১২ জনে একজনের ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব শনাক্ত করা যায়নি।
গবেষণায় অংশ নেওয়া রোগীদের ক্যানসার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। তাঁদের ডারাক্সোনরাসিবের পাশাপাশি জেমসিটাবিন ও ন্যাব-প্যাকলিট্যাক্সেল নামের দুটি কেমোথেরাপির ওষুধ দেওয়া হয়।
ক্যানসার রিসার্চ ইউকের চিকিৎসক স্যাম গডফ্রে এই ফলাফলকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এতদিন যেসব ক্যানসার সৃষ্টিকারী প্রোটিনকে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল, নতুন চিকিৎসা সেখানে অগ্রগতির পথ খুলে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক উংকি পার্ক জানান, প্রাথমিক ফলাফলে শুধু টিউমার ছোট হওয়ার হারই বাড়েনি, বরং রোগ নিয়ন্ত্রণে রাখার সময়ও প্রায় দ্বিগুণ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর ফলে ভবিষ্যতে রোগীদের বেঁচে থাকার সময় বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
ডারাক্সোনরাসিব একটি লক্ষ্যভিত্তিক ওষুধ। এটি ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী আরএএস (RAS) নামের জিনগত মিউটেশনকে লক্ষ্য করে কাজ করে। অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যানসারে এ ধরনের মিউটেশন পাওয়া যায়। ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েক ধরনের ক্যানসারেও একই ধরনের মিউটেশন থাকতে পারে। ফলে ভবিষ্যতে এসব ক্যানসারের চিকিৎসায়ও ওষুধটি কার্যকর হতে পারে বলে আশা করছেন গবেষকরা।
তবে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলকে এখনই ক্যানসার নিরাময় হিসেবে দেখার সুযোগ নেই। পরীক্ষায় রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এই সময়ে কারও কারও ক্যানসার ফিরে আসেনি। কিন্তু দীর্ঘমেয়াদে ওষুধটি কত দিন রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।
ক্যানসারের চিকিৎসাবিষয়ক ইউরোপীয় সম্মেলন EORTC–NCI–AACR Symposium 2026-এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশা, বৃহত্তর ও দীর্ঘমেয়াদি পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেলে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
অগ্ন্যাশয়ের ক্যানসার সবচেয়ে কঠিন চিকিৎসাযোগ্য ক্যানসারগুলোর একটি। যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষ এই রোগে আক্রান্ত হন এবং প্রায় ১০ হাজার ২০০ জন মারা যান। রোগটির লক্ষণের মধ্যে রয়েছে জন্ডিস, ত্বকে চুলকানি, প্রস্রাবের রং গাঢ় হওয়া, অকারণে ওজন কমে যাওয়া, ক্লান্তি ও জ্বর।



