২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

পাঁচ বছর পর পর্দায় ফিরছে জন-নোরা জুটি

john-nora-1-20261124161139

বলিউডের জনপ্রিয় জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহিকে আবারও একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। ‘ফোর্স ৩’ সিনেমার একটি বিশেষ গানে পারফর্ম করতে যাচ্ছেন নোরা। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন এই দুই তারকা।

২০১৮ সালে জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে নাচের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান নোরা ফাতেহি। গানটি মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ২০১৯ সালে জনের ‘বাটলা হাউজ’ সিনেমার ‘সাকি সাকি’ এবং ২০২১ সালে ‘সত্যমেভ জয়তে ২’-এর ‘কুসু কুসু’ গানেও পারফর্ম করেন নোরা। গানগুলোও দর্শকদের মধ্যে সাড়া ফেলে।

এবার ‘ফোর্স ৩’-এর মাধ্যমে আবারও একসঙ্গে ফিরছেন তাঁরা। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির একটি বিশেষ গানে দেখা যাবে নোরাকে। অ্যাকশননির্ভর সিনেমাটির সঙ্গে সামঞ্জস্য রেখে গানটির আয়োজন করা হচ্ছে বড় পরিসরে। নাচের পাশাপাশি জমকালো চিত্রায়নেও গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা।

‘ফোর্স ৩’-এ আবারও এসিপি যশবর্ধন সিং চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। ২০১১ সালে ‘ফোর্স’ সিনেমার মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। পরে ২০১৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফোর্স ২’।

তৃতীয় কিস্তিতে জনের সঙ্গে অভিনয় করছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা ও সূর্য শর্মাসহ আরও অনেকে।

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফোর্স ৩’।

Advertisements
Advertisements