বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
নারী

জয়পুরহাটে গৃহবধূর ঝু/লন্ত ম/রদেহ উদ্ধার

jhulonto

জয়পুরহাট শহরের সবুজনগর মহল্লার একটি ভাড়া বাসা থেকে ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি পাঁচবিবি পৌরসভার পোস্ট অফিসপাড়া এলাকার জীবন হোসেনের স্ত্রী এবং শহরের সাহেবপাড়া মহল্লার জাহিদুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানার প্রথম স্বামী মারা গেছেন এবং তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রীতি তিনি জীবন হোসেনকে বিয়ে করেন। ফারজানা জীবনের দ্বিতীয় স্ত্রী। বিষয়টি ফারজানার পরিবার মেনে নেয়নি। ছয় মাস আগে সবুজনগরে তারা ভাড়া বাসায় ওঠেন। তবে জীবন নিয়মিত সেখানে থাকতেন না, আসা-যাওয়া করতেন। কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

গতকাল রাতে ফারজানার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় তিনি শাড়ি পরিহিত ও পরিপাটি অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বাসার মালিক আবু হাসেম বলেন, ‘প্রায় ছয় মাস ধরে তাঁরা আমার দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জীবন এসে স্ত্রীকে ডাকাডাকি করেন। ভিতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে জীবন আবার আসার পর ডাকাডাকি করলে কোনো সাড়া না মেলায় একটি গাছে উঠে জানালা দিয়ে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।’

ফারজানার ছোট ভাই মেজবা নাবিল জানান, প্রথম স্বামী মারা যাওয়ার পর তাঁর বোন দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং সেই ভাড়া বাসাতেই থাকতেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’