শ্বাসনালীতে চানাচুর আ/টকে শিশুর প্রাণহানি

জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন নামে (১১ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মাইজবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে ।
সে কোনাবাড়ি গ্রামের সাইদুল রহমানের মেয়ে। গতকাল বুধবার সকালে মা ছানোয়ারা বেগমের সঙ্গে নানার বাড়ি মাইজবাড়ি বেড়াতে আসে সুমাইয়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ঘরের কাজে ব্যস্ত ছিলেন শিশুটির মা। শিশুটি বিছানায় বসে খেলছিল। কেউ চানাচুর খেয়ে কিছু অংশ বিছানায় ফেলে রেখেছিলেন। পরিবারের অজান্তে চানাচুরের টুকরা মুখে দেয় সুমাইয়া। গলায় চানাচুর আটকে যায়। পরিবারের সদস্যরা চেষ্টা করেও চানাচুর বের করতে ব্যর্থ হন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়। তার শ্বাসনালিতে খাবার আটকে গিয়েছিল, যা শ্বাসরোধের কারণ হয়।



