বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

WhatsApp Image 2025-08-09 at 01.31.13_8878a0d0

আন্তর্জাতিক ফুটবলে নারীদের সাফল্য অব্যাহত রাখলো বাংলাদেশ। ভিয়েনতিয়েনে নিও লাওস স্টেডিয়ামে আয়োজিত এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে শুক্রবার পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ২০ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা। এরপর ৩২ মিনিটে আরেকটি কর্নার থেকে গোল করেন শান্তি মার্ডি। শান্তির আরেকটি কর্নারেই ৩৬ মিনিটে হেডে গোল করেন নবিরন খাতুন। বিরতির ঠিক আগ মুহূর্তে স্কোরলাইন ৪-০ করেন বাংলাদেশের মেয়েরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৫৭ মিনিটে দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। এরপর ৭৩ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে গোল করেন সাগরিকা। ৮৩ মিনিটে তৃষ্ণা পূর্ণ করেন হ্যাটট্রিক এবং এই গোলেও সহায়ল ছিল সাগরিকার। শেষ দিকে মুনকি আক্তারের গোল অষ্টম গোল হিসেবে যোগ হয়।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১০৪তম) অনেকটা এগিয়ে থাকলেও পূর্ব তিমুর (১৫৮তম) মাঠের খেলায় দুর্বল প্রতিপক্ষ হিসেবে ধরা হয়। এর আগের ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ দল। সে ম্যাচেও জোড়া গোল করেন সাগরিকা, অন্য গোলটি আসে মুনকি আক্তারের পা থেকে।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষে এখন বাংলাদেশ। আজ (৯ আগস্ট) সন্ধ্যায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও লাওস। আগামী ১০ আগস্ট বাংলাদেশ খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, যে ম্যাচটিই নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন কারা হবে।

বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দল ও সেরা তিনটি রানার্স-আপ দল জায়গা করে নেবে মূল পর্বে।