ইতিহাস গড়ার মিশনে লাওসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এএফসি বাছাই টুর্নামেন্টের মিশন। প্রতিযোগিতার প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে স্বাগতিক লাওস ও আফিদা খন্দকারের নেতৃত্বাধীন দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ছয়টায় কিক-অফ।
চার দলের এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক লাওস, শক্তিশালী দক্ষিণ কোরিয়া এবং অপেক্ষাকৃত দুর্বল পূর্ব তিমুর। প্রতিপক্ষরা র্যাঙ্কিংয়ে এগিয়ে লাওস ১০৭তম, দক্ষিণ কোরিয়া ১৯তম আর বাংলাদেশ ১২৮তম স্থানে। তবে লড়াই সবসময় র্যাঙ্কিং মেনে চলে না তা মিয়ানমার ও বাহরাইনকে হারিয়ে এর আগেই প্রমাণ করেছে আফিদারা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, আমরা এসেছি নিজেদের প্রমাণ করতে, “ আমরা এখানে এসেছি এশিয়ান কাপে জায়গা পাওয়ার লক্ষ্যে। প্রতিটি ম্যাচেই সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।”
ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন,” এক মাসে তিনটি টুর্নামেন্ট খেলায় ফুটবলারদের ক্লান্তি থাকলেও লড়াইয়ের মানসিকতায় ঘাটতি নেই। খেলোয়াড়দের সতেজ রাখতে আলাদা পরিকল্পনা করেছি। আশা করি মাঠে তার প্রতিফলন দেখা যাবে। আমরা অবশ্যই লাওসের বিপক্ষে তিন পয়েন্ট চাই।”
বাংলাদেশ নারী দলের এই অনূর্ধ্ব-২০ স্কোয়াডে রয়েছেন ৯ জন যাঁরা সম্প্রতি সিনিয়র দলের হয়ে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়েছেন। এরপর তারা খেলেছেন সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে । এক মাসের ব্যবধানে এই নিয়ে তাদের তৃতীয় প্রতিযোগিতা। শারীরিক ক্লান্তি থাকলেও মানসিক দৃঢ়তায় কোনো ঘাটতি নেই বলে মনে করেন কোচ বাটলার।
বাংলাদেশ নারী দল এর আগে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে দুইবার এএফসি চূড়ান্ত পর্বে জায়গা করে নিলেও অনূর্ধ্ব-২০ পর্যায়ে এখনো সাফল্যের মুখ দেখেনি। তাই এবারকার বাছাই টুর্নামেন্টটিকে ভিন্ন চোখে দেখছেন কোচ। তিনি বলেন,“ সিনিয়র দল এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে এটা বড় অর্জন। এখন আমাদের অনূর্ধ্ব-২০ দলের জায়গাটা যাচাই করার সময় এসেছে। এই টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”



