বিগ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ-নেপাল

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর গতকাল হোটেলেই ছিল বাংলাদেশ দল। অস্বাভাবিক এক ম্যাচ খেলে পরদিন ছিল পুরোপুরি রিকোভারির দিন। সকালে সুইমিং, বিকালে স্ট্রেচিং আর সন্ধ্যায় ভিডিও অ্যানালাইসিসে কাটে সময়। কারণ, আজই বসুন্ধরা কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সবচেয়ে কঠিন পরীক্ষায় নামতে যাচ্ছে স্বাগতিকরা। সন্ধ্যা ৭টায় তাদের প্রতিপক্ষ শক্তিশালী নেপাল।
এবারের আসরে অংশগ্রহণকারী তিন বিদেশি দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হিসেবেই ধরা হচ্ছে নেপালকে। তারা নিজেদের প্রথম ম্যাচে তারা ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। আর বাংলাদেশ দাপুটে পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯-১ গোলে। ফলে আজকের ম্যাচ হয়ে উঠেছে লিগ পর্বেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই, যেখানে জয় মানেই শিরোপার দৌড়ে বড় অগ্রগতি। এর আগে আজ দিনের প্রথম ম্যাচে বেলা ৩ টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান।
এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির কথা জানিয়েছেন দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি বলেন, ‘গতকাল আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছি। আজ আমাদের রিকোভারি সেশন ছিল। সন্ধ্যায় কোচ আমাদের সঙ্গে বসবেন (নেপাল ম্যাচ নিয়ে)। সেখানে কিছু ভিডিও দেখাবেন, তারপর পরবর্তী ম্যাচের জন্য আমাদের নির্দেশনা দেবেন। আমরা মাঠে সেটাই বাস্তবায়নের চেষ্টা করবো।’
আজকের ম্যাচ নিয়ে তিনি আরও বলেন, ‘নেপালের বিপক্ষের ম্যাচে আমাদের লক্ষ্য জয় তুলে নেওয়া। সেটা যেভাবেই হোক। মূল কথা এই টুর্নামেন্টে আমাদের শিরোপা ধরে রাখতে হবে। তো আমরা মাঠে নামবই জেতার জন্য।’
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদও জানালেন, দলকে সম্পূর্ণ প্রস্তুত করতেই গতকালটা কেটেছে মেয়েদের পুনরুদ্ধারে। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মেয়েরা ভারী মাঠে একটি ম্যাচ খেলেছে। তো স্বাভাবিকভাবেই তারা অনেক ক্লান্ত। তাই আমরা আজকে চেষ্টা করেছি মেয়েদের রিকোভারি সেশন করানোর জন্য। সকালে পুল সেশন, বিকেলে স্ট্রেচিং ও সন্ধ্যায় ভিডিও সেশন করিয়েছি। আগামীকালের (আজকের) ম্যাচ নিয়ে কাজ করেছি। আশা করি, এই ম্যাচে ভালো কিছু অর্জন করেই মাঠ থেকে ফিরে আসতে যাচ্ছি।’
সবশেষ সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে সেবার বাংলাদেশ জিতেছিল শিরোপা। এবার লক্ষ্য সেটি ধরে রাখার। যদিও এই আসরে সেই কাজ খানিকটা সহজ। কারণ অংশগ্রহণকারী চার দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে রয়েছে শুধু নেপালই। শ্রীলঙ্কা আর ভুটান তেমন একটা সমস্যা নয় লাল-সবুজের জন্য। যদিও পূর্ব পরিসংখ্যান অনুসারে নেপালও খুব বেশি একটা বাংলাদেশকে পরীক্ষায় ফেলতে পারেনি। সিনিয়র সাফের গেল দুই আসরে তাদের দেশ থেকেই তাদের হারিয়ে শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। আর বয়সভিত্তিতেও লাল-সবুজের মেয়েরা শক্তি সামর্থ্যে ঢের এগিয়ে।
তবে বাংলাদেশ সব প্রতিপক্ষকেই সমান নজরে দেখছে কাউকে ছোট কিংবা বড় ভাবছে না। প্রতিটি ম্যাচের প্রতিপক্ষকেই শক্তিশালী ভেবেই প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে মাসুদ আহমেদ বলেন, ‘আমরা কোনো দলকেই ছোট করে দেখছি না। সব দলকেই কঠিন প্রতিপক্ষ ভেবে মাঠে নামছি এবং নিজেদের সেরাটা দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছি। লক্ষ্য তো চ্যাম্পিয়ন হওয়াই। তো নেপালকেও একই নজরেই দেখছি, এই টুর্নামেন্টেও ওরা আমাদের প্রধান প্রতিপক্ষ। সেই হিসেবে আগামীকাল (আজ) নিজেদের শতভাগ দিয়েই জয়ের লক্ষ্যে মাঠে নামব আমরা।’



