বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনশুক্রবার, ১৫ মে, ২০২৬
রূপ-সৌন্দর্য

বর্ষায় ত্বকের যত্নে ঘরোয়া ৩টি উপায়

বর্ষাকাল মানেই কখনো রোদ, কখনো ঝুম বৃষ্টি। এমন আবহাওয়ায় ত্বকে অদ্ভুত এক পরিবর্তন দেখা যায়। কখনো খুব তৈলাক্ত, কখনো আবার শুষ্ক ও রুক্ষ। বাতাসে আর্দ্রত...

IMG_6307

বর্ষাকাল মানেই কখনো রোদ, কখনো ঝুম বৃষ্টি। এমন আবহাওয়ায় ত্বকে অদ্ভুত এক পরিবর্তন দেখা যায়। কখনো খুব তৈলাক্ত, কখনো আবার শুষ্ক ও রুক্ষ। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ত্বকে জমে যায় ধুলো, ময়লা আর ঘাম। ফলে দেখা দেয় ব্রণ, অ্যালার্জি বা চুলকানির মতো সমস্যা। তাই এই মৌসুমে ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি। ভেবে চিন্তে পার্লারে যাওয়ার দরকার নেই। বরং ঘরেই পাওয়া যায় এমন কয়েকটি উপাদান দিয়েই বর্ষায় ত্বককে রাখতে পারেন সতেজ ও সুন্দর। চলুন জেনে নিই বর্ষাকালে ত্বকের যত্নে তিনটি কার্যকর ও ঘরোয়া উপায়।

এক্সফোলিয়েশন
বর্ষার আবহাওয়ায় ত্বকে সহজেই জমে যায় মৃত কোষ আর ময়লা। ফলে লোমকূপ বন্ধ হয়ে গিয়ে ব্রণের মতো সমস্যা দেখা দিতে পারে। এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং করলে ত্বকের উপরের স্তরের মৃত কোষ দূর হয় এবং ত্বক ফিরে পায় তার স্বাভাবিক উজ্জ্বলতা।

এক চামচ কফির গুঁড়ো, এক চামচ চিনি আর সামান্য নারকেল তেল বা মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি হালকা হাতে মুখে ও গলায় ম্যাসাজ করুন ২-৩ মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এক্সফোলিয়েশন করাই যথেষ্ট।

ত্বক পরিষ্কার রাখা
বর্ষাকালে ত্বকে ব্যাকটেরিয়া ও জীবাণুর আক্রমণ বেড়ে যায়। এর ফলে ত্বকে অ্যালার্জি, চুলকানি কিংবা ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তাই ত্বক পরিষ্কার রাখা খুব জরুরি।দিনে অন্তত ২-৩ বার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। মাঝে মাঝে তুলায় করে মুখে লাগান গোলাপজল। চাইলে অল্প লেবুর রস, শসার রস বা অ্যালোভেরা জেল দিয়েও ত্বক পরিষ্কার করতে পারেন। বারবার শুধু পানি দিয়ে মুখ ধুলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতেও ভুলবেন না।

টোনার ব্যবহার
বর্ষায় ত্বকের লোমকূপে ময়লা জমে সহজেই ব্রণ হতে পারে। এসময় টোনার ব্যবহার করলে ত্বকের ছিদ্র পরিষ্কার থাকে। আর ত্বকও হয় টানটান ও সতেজ।গোলাপজল হল সবচেয়ে জনপ্রিয় ও প্রাকৃতিক টোনার। শসার রস ত্বকে ঠান্ডাভাব এনে দেয়। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ব্রণের বিরুদ্ধে কাজ করে।লেবুর রসে অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে, তবে সংবেদনশীল ত্বকে সাবধানে ব্যবহার করতে হবে। একটি তুলায় করে টোনার মুখে লাগান। তারপর হালকা করে চেপে মুছে ফেলুন।

কিছু বাড়তি টিপস:
বর্ষায় অনেকেই কম পানি খান। কিন্তু ত্বকের সুস্থতার জন্য শরীরের ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখা জরুরি। তাই দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। ভারী মেকআপ এড়িয়ে চলুন। হালকা মেকআপ বা শুধু সানস্ক্রিন ব্যবহারই যথেষ্ট। ত্বক অনুযায়ী হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটা ত্বককে আর্দ্র রাখবে কিন্তু তৈলাক্ত করবে না।

সুন্দর ত্বক পাওয়ার জন্য আলাদা করে অনেক খরচ করার দরকার নেই। বর্ষায় ত্বকের যত্ন নিতে পারলেই আপনি পেতে পারেন উজ্জ্বল, স্বাস্থ্যকর ও ব্রণমুক্ত ত্বক সেটাও একেবারে ঘরোয়া উপায়ে। নিয়মিত যত্নই পারে আপনার ত্বককে এই মৌসুমে করে তুলতে প্রাণবন্ত ও সতেজ।