বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

মেয়েকে ফ্রিল্যান্সিং শিখিয়ে সফল প্রযুক্তি পেশাজীবী হয়েছেন ফেরদৌস জাহান

IMG-20250313-WA0016

গৃহিণী ফেরদৌস জাহান খান প্রথম আলোতে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং কর্মশালার একটি সংবাদ দেখতে পান ২০১৯ সালের মার্চের মাঝামাঝি সময়ে। সংবাদটি পড়ার পর ঘরে বসে অবসর সময়ে ফ্রিল্যান্স কাজ করতে আগ্রহী হন তিনি। কম্পিউটার সম্পর্কে দক্ষতা না থাকায় নিজের মেয়েকে কম্পিউটার শেখানোর সিদ্ধান্ত নেন তিনি। এরপর মা-মেয়ে দুজনই উপস্থিত হন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আয়োজিত বিনা মূল্যের ফিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালায়।

কর্মশালায় গিয়ে বেশ অবাক হন কারণ তিনি লক্ষ্য করেন তরুণ-তরুণীদের পাশাপাশি ৬০ থেকে ৬৫ বছরের অনেকেই কর্মশালায় উপস্থিত রয়েছেন। এমনকি কেউ আবার ছোট সন্তান নিয়ে অংশ নিয়েছেন। আর তাই মনে একটু সাহস পান তিনি। নিজে কম্পিউটার ব্যবহার করতে না পারায় কর্মশালা শেষে মেয়েকে ফ্রিল্যান্স প্রশিক্ষণে ভর্তি করান। কিন্তু ফ্রিল্যান্স কাজের প্রতি তাঁর আগ্রহ দেখে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, আপনিও ফ্রিল্যান্স কাজ শুরু করতে পারবেন। আপনার মতো অনেকেই ফ্রিল্যান্স কাজ করছেন। সবার উৎসাহ পেয়ে তিনিও গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হন। শুরু করেন নিয়মিত ক্লাস।

কিছু সময় পরই দেশে শুরু হয় মহামারি করোনা। তখন পুরো পরিবার অনলাইনে শিখতে থাকেন ফ্রিল্যান্স কাজ। এভাবে ধীরে ধীরে ক্যালেন্ডার, বিজনেস কার্ড, লোগো ব্যান্ডিংয়ের কাজের দক্ষতা বৃদ্ধি পেতে থাকে ফেরদৌস জাহানের। অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলোও আনন্দের সঙ্গে করতেন তিনি। প্রথমে তিনি ফাইভআর মার্কেটপ্লেসে (অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ দেওয়া–নেওয়ার ওয়েবসাইট) শুরু করলেও পরে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করতে থাকেন। একই সঙ্গে ফেরদৌস জাহান অ্যাডবি স্টক, সাটার স্টকে বিভিন্ন কাজ জমা দেন। কাজগুলো জনপ্রিয়তা পাওয়ায় ফ্রিল্যান্সিং কাজ ভালোভাবেই চালিয়ে যাচ্ছিলেন তিনি। এরপর তিন বছর ধরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করছেন ফেরদৌস জাহান। প্রশাসনিক কাজের পাশাপাশি নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র, ব্যানার থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজও করেন তিনি।

নিজের ফ্রিল্যান্স প্রশিক্ষণের শুরুর দিনগুলোর কথা তুলে ধরে ফেরদৌস জাহান প্রথম আলোকে বলেন, ‘মেন্টর যখন কম্পিউটার রিফ্রেশ দিচ্ছিলেন, তখন আমি ভেবেছিলাম মেন্টর কিছু একটা করেছেন, যেটা আমি বারবার বুঝতে পারছি না। আমিও মেন্টরকে জিজ্ঞাসা করছিলাম, এটা কী করলেন আমি তো মিস করছি। মেন্টর হেসে জানান, “কই কিছুই তো করিনি। যেটা আপনি মিস করবেন।” তারপর মেন্টর বললেন, “ও, এটা তো রিফ্রেশ।” তখন আমি বুঝতে পারি বিষয়টা।’

ফেরদৌস জাহান খানের কাছ থেকে ফ্রিল্যান্স কাজ শিখেছেন তাঁর স্বামী রিয়াজ খানও। ফেরদৌস জাহানের স্বামী রিয়াজ খান প্রথম আলোকে বলেন,‘এক্সেল গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডিজাইন শিখেছি। আসলে শেখার ব্যাপারটা আমরা আনন্দ নিয়েই করতাম। অনলাইনে শিখতাম কিন্তু ফেরদৌস জাহান এই বিষয়ে সাহায্য করতেন। আমরা তিনজন তিন রুমে ক্লাস করতাম। করোনার দিনগুলো এভাবে কেটেছে। আমাদের যে কাজ বা দক্ষতা বাড়িয়েছি, সেটা আমাদের চাকরিতে খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, যা কাজের ক্ষেত্রকে অনেক সহজ করে দিয়েছে।’

তিনি আরোও জানান, ‘বয়স কোনো বিষয় না। আমি ৪৮ বছর বয়সে নিজের দক্ষতা বাড়িয়ে চাকরি করছি। আর নিজের দক্ষতা বাড়াতে পারলে একা একা অনেক কিছু করা সম্ভব। সেটাই এখন আমি করছি। আমি বলব, মেয়েদের ঘরে বসে না থেকে নিজের দক্ষতা বাড়ানো উচিত। আর ভয় পেয়ে পিছিয়ে যাওয়া যাবে না। আমি পারব, এই কথাটি মাথায় সেট করে ফেলতে হবে। তারপর পেছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’